সবার জন্য ছাপচিত্রের সম্ভার নিয়ে শুরু কিবরিয়া ছাপচিত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমাটিয়ার কলাকেন্দ্রে ছাপচিত্র মেলার উদ্বোধনের পর ঘুরে দেখছেন অতিথিরা
ছবি: শুভ্র কান্তি দাশ

শিল্পকলাকে জনপ্রিয় করে তোলা এবং সাধারণ শিল্পানুরাগীরা যেন সুলভ মূল্যে শিল্পকর্ম সংগ্রহ করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে ২০১২ সালে শুরু হয়েছিল কিবরিয়া ছাপচিত্র মেলা। শুক্রবার ‘সুলভ মূল্যে ছাপচিত্র, সবার জন্য ছাপচিত্র’ স্লোগান নিয়ে শুরু হলো মেলার একাদশতম আয়োজন। লালমাটিয়ার ডি ব্লকের ৯/৪ নম্বর বাড়ির কলাকেন্দ্রে গতকাল বিকেলে বরেণ্য শিল্পী রফিকুন নবী প্রধান অতিথি হিসেবে ছাপচিত্র মেলার উদ্বোধন করেন। এর আয়োজন করেছে কিবরিয়া প্রিন্ট স্টুডিও।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র ময়নুল আবেদিন, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, শিল্পানুরাগী জেরিন মাহমুদ হোসেন, স্থপতি শামিম আমিনুর রহমান। সঞ্চালনা করেন শিল্পী রশীদ আমিন।

এবার ছাপচিত্র মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ, বেসরকারি গ্যালারির প্রিন্টমেকিং স্টুডিও ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষে অন্তত ২০ জন শিল্পীর কাজ রয়েছে। ফলে নবীন–প্রবীণ চার শতাধিক শিল্পীর ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের বৈচিত্র্যময় কাজের বর্ণাঢ্য সমারোহ সুশোভিত করে তুলেছে এবারের মেলাকে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগ, ইউডার ছাপচিত্র স্টুডিও, বেঙ্গল ফাউন্ডেশন, সফিউদ্দীন প্রিন্টমেকিং স্টুডিও, শূন্য আর্ট স্পেস, কসমস আঁতেলিয়ে-৭১, কারখানা আর্ট স্পেস, স্টুডিও-৪৮, ফ্লেইম আর্টস ওপেন স্টুডিও, বর্ণিকা প্রিন্ট স্টুডিও, মজুমদারস প্রিন্ট ল্যান্ড, কিবরিয়া প্রিন্ট স্টুডিও এবং কলাকেন্দ্র।

আলোচকেরা বলেন, কিবরিয়া ছাপচিত্র মেলার প্রতি শিল্পানুরাগী ও শিল্পীদের মধ্যে আগ্রহ বেড়েছে। গত দুই বছর করোনার কারণে মেলা আয়োজিত হয়নি। ফলে এবার মেলার জন্য সবাই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও শিল্পীর সংখ্যা বেড়েছে। এতে বোঝা যায়, শিল্পীদের মধ্যে ছাপচিত্র নিয়ে কাজ করার স্পৃহা তৈরি হয়েছে। দর্শকেরাও আলাদাভাবে এই মেলার প্রতি আকর্ষণ অনুভব করছেন।

মেলার কার্যক্রমের সঙ্গে ছাপচিত্রের করণ কৌশলগুলো নিয়ে সাধারণ দর্শকের উপযোগী করে আলোচনা বা কর্মশালার আয়োজন করলে তাঁদের পক্ষে কাজগুলোর ভালোমন্দ, গুণমান জানাবোঝা সহজ হতো। তাতে ছাপচিত্রের প্রতি দর্শক ও সংগ্রাহকদের আগ্রহ আরও বৃদ্ধি পেত বলে আলোচকেরা পরামর্শ দিয়েছেন।  

উদ্বোধনী দিনে শিল্পী, সংগ্রাহক ও শিল্পানুরাগীদের সমাগম ছিল কলাকেন্দ্রের প্রদর্শনকক্ষগুলো। এতে এচিং, কাঠখোদাই, লিথোগ্রাফি, ভেস্কোসিটি, অ্যাকোয়াটিন্ট, লিনোকাট, ড্রাই পয়েন্টসহ বিভিন্ন মাধ্যমের কাজ রয়েছে। মেলায় কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, আবুল বারক আলভী, কালিদাস কর্মকার, শাহাবুদ্দিন আহমেদ, শহীদ কবির, নিসার হোসেন, শিশির ভট্টাচার্যের মতো দেশের স্বনামখ্যাত শিল্পীদের কাজের পাশাপাশি ভারতের সুভা প্রসন্ন, সনৎ কর, যোগেন চৌধুরী, গণেশ হালুইয়ের মতো শিল্পীদের কাজও রয়েছে।