মহামারিতে দেশে ফেরা অভিবাসীদের স্বাবলম্বী করছে ‘রিমেকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইওএমের রিমেকার প্রকল্পের প্রচার অনুষ্ঠানে অতিথিরা
ছবি: সংগৃহীত

করোনা মহামারির সময় দেশে ফিরে আসা অভিবাসীদের ভয়ংকর প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন কাটাতে হচ্ছে। নানা জটিলতা থেকে তাঁদের মুক্ত করে স্বাবলম্বী করতে ‘রিমেকার’ প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

উন্নয়ন তহবিল আইডিএফের অর্থায়নে ২০২২ সালের ডিসেম্বরে রিমেকার প্রকল্পটি চালু করে আইওএম।

তৃণমূল পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় দেশে ফেরা অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের সক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু), বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে) এবং ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহযোগী হিসেবে ভূমিকা রাখছে।

রিমেকার প্রকল্প বাস্তবায়নে গতকাল বুধবার ঢাকায় একটি প্রচার অনুষ্ঠান আয়োজন করে আইওএম। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান জানান, বাংলাদেশ সরকার, দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে অভিবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে দীর্ঘদিন ধরে স্বীকৃতি দিয়ে আসছে। আইওএমের প্রকল্পটি বিদেশ ফেরত অভিবাসীদের কল্যাণ এবং সফল পুনরেকত্রীকরণকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে পুনরেকত্রীকরণের ক্ষেত্রে অনুকরণীয় সফল মডেল হিসেবে প্রমাণিত হয়েছে।

সফল পুনরেকত্রীকরণের ফলে অভিবাসীরা যে স্বনির্ভরতা অর্জন করবেন, তাতে তাঁরা সমাজে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবেন—এই বিশ্বাস নিয়ে প্রকল্পটি পরিচালনা করছে আইওএম।

অনুষ্ঠানে আইওএম বাংলাদেশের অফিসার ইনচার্জ ফাতিমা নুসরাত গাজ্জালী বলেছেন, রিমেকার শুধু একটি প্রকল্প নয়, বরং সংহতি, সহযোগিতা, প্রযুক্তিগত অন্তর্ভুক্তিসহ দেশে ফিরে আসা অভিবাসীদের প্রতি সহমর্মিতার এক উজ্জ্বল প্রতীক। সফল পুনরেকত্রীকরণের ফলে অভিবাসীদের জীবনে যে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা ফলপ্রসূ অভিজ্ঞতা।

এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সব অংশীজনেরা উপস্থিত ছিলেন।