‘ট’ বগিতে আটকে গেল ট্রেন, আড়াই ঘণ্টার ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনটির ছাড়ার কথা ছিল রাত ১০টা ৪৫ মিনিটে
ছবি: প্রথম আলো

ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে হাজির হয়েছিলেন মোহাম্মদ নাফি। তিনি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাবেন দিনাজপুর। তাঁর হাতে ‘ট’ বগির টিকিট। টিকিট নিয়ে বগি খুঁজছেন তিনি।

ট্রেন, প্ল্যাটফর্ম—সবই ঠিক আছে। ‘ট’-এর আশপাশের সব বগিই আছে। কিন্তু নেই শুধু ‘ট’ বগি।

সময় গড়াতেই ‘ট’ বগির টিকিট কাটা যাত্রীদের ভিড় বাড়ে। উৎকণ্ঠা নিয়ে তাঁদের সবার প্রশ্ন, ‘ট’ বগিটা গেল কোথায়?

একপর্যায়ে জানা গেল, মেরামতের জন্য ‘ট’ বগি খুলে রাখা হয়েছে। সে কারণেই বগিটি ছাড়া ট্রেনটি চলছে।

যাত্রীদের তোপের মুখে অবশেষে ‘ট’ বগি এনে জোড়া দেওয়া হয়। ২ ঘণ্টা ২৪ মিনিট দেরি করে কমলাপুর রেলস্টেশন ছাড়ে পঞ্চগড় এক্সপ্রেস।

বগি নিয়ে বিপত্তিতে ট্রেন ছাড়তে বিলম্ব হয়
ছবি: প্রথম আলো

গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এদিন দিবাগত রাত ১২টার দিকে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, ‘ট’ বগির যাত্রীরা সবাই বাইরে। কেউ পরিবার-পরিজন নিয়ে বসে আছেন। কেউ দাঁড়িয়ে বগিটি নিয়ে নানা আলাপ-আলোচনা করছেন।

কারণ, ট্রেনটি ছাড়ার নির্দিষ্ট সময় থেকে এক ঘণ্টার বেশি অতিবাহিত হলেও যাত্রীরা জানতে পারছিলেন না যে ‘ট’ বগির কী হবে। অবশ্য পরে যাত্রীদের চাপের মুখে কর্তৃপক্ষ আশ্বাস দেয়, ‘ট’ বগি জোড়া দিয়েই ট্রেনটি ঢাকা ছাড়বে। তবে এ কথায় যাত্রীরা ভরসা করতে পারছিলেন না।

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাফি বলেন, ‘স্টেশনে আসার পর দেখি, ট বগি নেই। এখানে দায়িত্বরত কয়েক ব্যক্তির কাছে জিজ্ঞেস করলাম, ট বগি তো নেই, এখন কী হবে? তাঁরা বললেন, ট বগি ছাড়াই ট্রেনটি চলছে। তাই এই বগির তো টিকিট বিক্রি করার কথা নয়। ট বগি মেরামতের জন্য খুলে রাখা হয়েছে। সেটা জোড়া লাগানো গেলে যাবে। এই অপেক্ষাতেই অনেকটা সময় চলে যায়।’

অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কয়েকটি শিশু দেখা যায়। তারা প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জায়গায় ঘুমাচ্ছিল। অন্যদিকে ঘুরেফিরে ট্রেনের যাত্রীরা প্রশ্ন করছিলেন, ‘ট’ বগির জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে? ট্রেন কখন ছাড়বে? তবে এসব প্রশ্নের উত্তর মিলছিল না। ফলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছিলেন।

রাত ১০টা ৪৫ মিনিটের ট্রেন ছাড়ে রাত ১টা ৯ মিনিটে
ছবি: প্রথম আলো

এক বছর বয়সী সন্তানকে নিয়ে রংপুর যাবেন এক নারী। তাঁর কাছে বারবার ফোন আসছিল। মুঠোফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে তিনি বলতে পারছিলেন না, ট্রেন কখন ছাড়বে।

পাশেই বসে ছিলেন সানোয়ার হোসেন নামের এক যাত্রী। তিনি পঞ্চগড় যাবেন। সানোয়ার বলেন, কর্তৃপক্ষ কতটা অবিবেচক ও অদূরদর্শী হলে এ কাজ করতে পারে। একটা বগি ছাড়াই ট্রেন চলছে। অথচ সেই বগিরই কিনা টিকিট বিক্রি করেছে তারা। এই একটি বগির কারণে কতটা সময় চলে গেল। মাঝে যাত্রীরা ভোগান্তির শিকার হলেন। এসব যেন দেখার কেউ নেই।

তখন রাত সাড়ে ১২টা। রেলের কিছু কর্মকর্তা বলেন, ইঞ্জিন গিয়ে ট্রেনের ‘ট’ বগি নিয়ে আসবে। তারপর বগিটি যুক্ত করে ট্রেন ছাড়বে।

‘ট’ বগি নিয়ে প্রায় ২০ মিনিট পর ফিরে আসে ইঞ্জিন। জোড়া দেওয়া হয় ‘ট’ বগি। এবার ট্রেনটি ছাড়ার তোড়জোড় শুরু হয়।

ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় ভোগান্তি পোহান যাত্রীরা
ছবি: প্রথম আলো

ট্রেনটি ছাড়ার আগে নাম প্রকাশ না করার শর্তে কমলাপুর স্টেশনে থাকা রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ট বগিটায় সমস্যা ছিল। যে কারণে ঢাকা থেকে আগেই বগিটা বাদ দিয়ে ট্রেন চলছিল। ট বগির টিকিট বিক্রিও বন্ধ ছিল। তবে পরে হয়তো বগিটা ঠিক করা হয়েছে। তা না হলে তো টিকিট বিক্রির কথা নয়।

হয়তো কোনো একটা ভুল–বোঝাবুঝি হয়েছে। এ কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তবে এখন আর কোনো সমস্যা নেই।’

২০ অক্টোবর রাত ১০টা ৪৫ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেসের কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। ‘ট’ বগি লাগানোর কাজ শেষে দিবাগত রাত ১টা ৯ মিনিটে সেই ট্রেন স্টেশন ছাড়ে।