দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের হামজারবাগে রহমানিয়া উচ্চবিদ্যালয়ের পাশে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। রহমানিয়া উচ্চবিদ্যালয়ের ২০০২ ব্যাচের শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকেরা এই মানববন্ধনের আয়োজন করেন। মো. শরীফ উদ্দিন এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র–ছাত্রী এবং শিক্ষকেরা অংশ নেন। শিক্ষার্থীরা ‘দুর্নীতি করব শেষ, সবাই মিলে গড়ব দেশ’, ‘শর্ষের মধ্যে ভূত, দুদকের দুর্নীতি রুখবে কে?’, ‘দুর্নীতিবাজদের রোষানলের শিকার শরীফ উদ্দিন, এই সমাজ থেকে দুর্নীতি নির্মূল করুন’, ‘দুর্নীতিবাজদের আস্তানা, এই বাংলার মাটিতে হবে না’—শীর্ষক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে মো. শরীফ উদ্দিনের সহপাঠীরা বলেন, শরীফ উদ্দিন ছাত্রজীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি। চট্টগ্রাম ও কক্সবাজারে তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। দুদকের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন অনিয়ম–দুর্নীতি উদ্ঘাটন করেছিলেন চাকরিজীবনে। এতে রাঘববোয়ালদের রোষানলের শিকার হয়ে চাকরিচ্যুত হয়েছেন।
বর্তমানে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, দুর্নীতির মাত্রা বাড়ছে, এসব রোধে শরীফ উদ্দিনদের মতো দক্ষ ও সৎ কর্মকর্তার প্রয়োজন। তাই তাঁকে আবার চাকরিতে বহাল রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তাঁরা।
এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, মো. শরীফ উদ্দিন সৎ, সাহসী ও দক্ষ কর্মকর্তা। তিনি কোনো অন্যায়ের প্রতি মাথা নত করেননি। তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হোক। এতে দেশ ও জাতি উপকৃত হবে।
মানববন্ধনে বক্তব্য দেন রহমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, শিক্ষক সজল কান্তি আচার্য, নূর হোসেন ও মো. আলমগীর। সাবেক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. জাবেদ হোসেন, আকতার হোসেন, মো. রাহুল, ইমতিয়াজুর রহমান, মো বাদশা প্রমুখ।
বক্তারা বলেন মো. শরীফ উদ্দিন দীর্ঘ সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন।
এতে তিনি অনেকের ‘চক্ষুশূল’ হয়ে উঠেছিলেন। গত বছরের ১৬ জুন শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর তাঁকে ‘অজ্ঞাত’ কারণে চাকরিচ্যুত করা হয়। তিনি ২৭ ফেব্রুয়ারি ওই আদেশ প্রত্যাহারপূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তবে তাঁর আবেদন কমিশনের কাছে বিবেচিত হয়নি।