শ্রীপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, সড়কে লাশ রেখে বিচার দাবি
গাজীপুরের শ্রীপুরের মাওনা গ্রামে চোর সন্দেহে রানা মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে সড়কে নিহত ব্যক্তির লাশ রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার রাত সাড়ে আটটায় মাওনা-নয়নপুর সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে মাওনা পিয়ার আলী কলেজের পূর্ব পাশে চুরির অপবাদ দিয়ে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মো. শিপন, ওই এলাকার বাসিন্দা আকাশ মিয়া, মো. উজ্জ্বল, মো. ইমন মিয়াসহ ৮-১০ জন রানা মিয়াকে (৩০) বেদম মারধর করেন। সন্তানকে উদ্ধার করতে গেলে রানার মা-বাবাও মারধরের শিকার হন। গত শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রানা মিয়াকে পেটানো হয়। এরপর শনিবার রাত সাতটার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে রানার মৃত্যু হয়।
এ ঘটনায় আজ রোববার দুপুরে শ্রীপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহত ব্যক্তির বাবা আমিরুল ইসলাম। রানা মিয়া মাওনা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি নিয়েছিলেন। মাঝেমধ্যে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
রানা মিয়া হত্যার বিচারের দাবিতে তাঁর লাশ সড়কে রেখে প্রায় আধা কিলোমিটারজুড়ে শত শত গ্রামবাসী মানববন্ধন করেন। এ কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের হাতে ‘রানা হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড ছিল। এর আগে সন্ধ্যায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রানা মিয়ার লাশ তাঁর বাড়িতে নিয়ে আসা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া মো. ইব্রাহিম আলম বলেন, নির্দয়ভাবে ছেলেটাকে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া লোকমান হেকিম বলেন, ‘মামলা হওয়ার পর অনেক সময় অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে পুলিশ চাইলে আসামিদের গ্রেপ্তার করতে পারত। আসামিরা এখনো ধরা পড়েনি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার চাই।’
নিহত ব্যক্তির বাবা আমিরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে পৈশাচিক নির্যাতন চালিয়ে, পিটিয়ে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। আমার একমাত্র ছেলে হত্যার সর্বোচ্চ শাস্তি চাই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ঘটনায় মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। শিগগিরই আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে।’