বাড়িতে ঢুকে মালামাল লুট, ১২ ডাকাতের দণ্ড
প্রায় ২৬ বছর আগের এক ডাকাতির মামলায় ১২ জনকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. সেলিম মিয়া এই রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ডাকাতেরা হলেন মো. কালা মিয়া, নুরুল আলম, আবুল বাশার, মো. শফি, মো. বাসি ওরফে বাসিক্যা, মো. ইয়াসিন, নুর হোসেন, শাহজাহান, বাইল্লা, তছলিম উদ্দিন, সৈয়দুল আলম ও মো. হাসান। তাঁদের মধ্যে শাহজাহান, হাসান, বাইল্লা, তছলিম ও সৈয়দুল আলম পলাতক।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আদালত ১২ ডাকাতকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ২৫ মে চট্টগ্রামের আনোয়ারা বৈরাগ এলাকায় এক বাড়িতে ঢুকে ডাকাত দল ১ লাখ ১৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজনের ওপর হামলা চালিয়ে আহত করা হয়। এ ঘটনায় গৃহকর্তা শফিউল আজম বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী সেকান্দর আলী প্রথম আলোকে বলেন, পলাতক পাঁচ ডাকাতের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা সাত ডাকাতকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।