সেন্ট মার্টিনের কলমির ঘ্রাণ
অপরূপ সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে নীল-সবুজ জলরাশি। গাছের ছায়ায় বসে বাতাসের শিহরণ, দূর সাগর থেকে ভেসে আসা ঢেউয়ের দোলা মানুষের মনকে এক অদ্ভুত ভালোবাসায় নিমজ্জিত করে। খুব সকালে কিংবা গোধূলিবেলায় সমুদ্রের ঢেউয়ের গর্জন কোনো এক রোমাঞ্চ-রাজ্যে ভাসিয়ে নিয়ে যায়। সত্যি, এ দ্বীপ অনেক সুন্দর!
তবে অপরিকল্পিত পর্যটন ও বসতি নির্মাণের কারণে দ্বীপের কেয়াবনের ঝোপগুলো বিনাশ হচ্ছে একটু একটু করে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এ দ্বীপে সাগরের নীলে কেয়ার ঝোপ দেখতে খুব ভালো লাগে। আর ভালো লাগে বেলাভূমি, বালিয়াড়িতে, ছোটখাটো ঝোপে ফুটে থাকা কয়েক রঙের কলমি ফুল। কলমি ফুলে তেমন ঘ্রাণ নেই, তবে এর সুন্দর রঙের যে আবেদন, সেটা কোনো দিন ভোলার মতো নয়! প্রিয় কবি জীবনানন্দ দাশ কলমির মৃদু সুবাস ভুলতে পারেননি, তাই লিখেছিলেন—
‘সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে।’
দ্বীপটির দক্ষিণ ও পশ্চিমের দিকে গেলে সহজেই চোখে পড়ে বেলাভূমিতে গোলাপি রঙের কার্পেট বিছিয়ে থাকা সাগর কলমি (Ipomea crassipes)। এটির পাতা দেখতে ছাগলের খুরের মতো, যে কারণে এর অপর নাম ছাগলখুর। বাড়িঘর লাগোয়া যে প্রান্তে বেলাভূমি মিশে গেছে, সেখানে ছড়িয়ে–ছিটিয়ে আছে কিছু ঢোলকলমির ঝাড়। তাতে ফোটে অপার সুন্দর ঢোলকলমি ফুল। শালিক, চড়ুই ঢোলকলমির নরম শাখায় পায়চারি করে। সেই সঙ্গে ফুলে আসে পিঁপড়া। সুদূর দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ার পাহাড়ি এলাকা থেকে স্প্যানিশ পাদরিরা সপ্তদশ শতকে হিমালয়ের কাশ্মীর ও কাংড়া উপত্যকায় গির্জার বাগানে লাগানোর জন্য ঢোলকলমি নিয়ে আসেন। ধারণা করা হয়, সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। এটি খরা ও বন্যা—উভয় সহনীয় বলে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। সুন্দর ফুল উপহার দেওয়ার পাশাপাশি ভূমিক্ষয় রোধ করে। শীতে এ ফুলের প্রস্ফুটনের জোয়ার থাকে বেশি।
সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ দিকে যেতে লাইট হাউস রিসোর্টের কাছাকাছি কেয়ার ঝোপ বেয়ে উঠেছে নিশি কলমির লতা (Ipomoea violacea)। এ লতায় রাতে ফুল ফোটে এবং চাঁদের আলোয় পাপড়িগুলো রুপালি বর্ণ ধারণ করে। এরা প্রধানত সামুদ্রিক দ্বীপে ও উপকূলে জন্মে। সারা রাত ফুল ফুটে থাকে এবং খুব সকালে পাপড়ি গুটিয়ে নেয়। সাগরতীরে, সাগরতীরের ঝোপে প্রধানত জন্মে। কোনো ধারক গাছ পেলে লতা পুরো গাছকে জড়িয়ে ধরে। আদি আবাস উষ্ণমণ্ডলীয় এশিয়া। মথ ও অন্যান্য পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটে। বীজের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। সমুদ্রপথে এরা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।
দ্বীপটির দক্ষিণ দিকের ঝোপে দেখা যায় দুধকলমি। সাদা রঙের এ ফুলের কলি দেখতে অনেকটা পেঁয়াজের মতো। কলির রং কিছুটা তরুণ পেঁয়াজের মতো ও হালকা বাদামি সবুজ। ফুলের পাপড়ির রং দুধের মতো সাদা বলে হয়তো এই নামকরণ। এ লতা সড়কের পাশে ঝোপে, নদীর ধারের সিক্ত জমিতে কোনো ধারককে জড়িয়ে বেড়ে ওঠে। বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। পানিতে ভেসে ভেসে ফল ছড়িয়ে পড়ে উপকূল থেকে উপকূলে। সাধারণত শীতের প্রথম দিকে দুধসাদা রঙের পাপড়ি নিয়ে এ লতায় আসে ফুল।
তা ছাড়া এই দ্বীপে খুঁজে পেয়েছি গোলাপি বর্ণের ফুলের আরও দুই প্রজাতির কলমিলতা। যার একটি হলো Ipomoea littoralis, এটি অনেক ছোট লতা—দুই মিটার হবে লতার দৈর্ঘ্য। প্রধানত ঘাসে আচ্ছাদিত ভূমিতেই জন্মে। দ্বীপে এ কলমিলতার সংখ্যা খুবই কম। এটি চিকন লতাজাতীয় বহুবর্ষজীবী বীরুৎ। ভারত মহাসাগর, মাদাগাস্কার দ্বীপ, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগর উপকূলেও এ লতা জন্মে। দ্বীপের উত্তর পাড়ার এক বাড়ির কাছে পতিত জমিতে গোলাপি বর্ণের ফুল ফোটা অসংখ্য লতার একটি বড় ঝাড় দেখতে পাই। কলমির এ প্রজাতির (Ipomoea campanulata) ফুল বেশ বড় ও দেখতে নান্দনিক।
সেন্ট মার্টিন দ্বীপে আট প্রজাতির কলমি ফুল খুঁজে পেয়েছি। আরও দুটি প্রজাতির থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু ক্রমাগত ঝোপঝাড় বিনাশ দ্বীপের বুনো উদ্ভিদ প্রজাতিগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ দ্বীপের অপার সৌন্দর্যময় জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সঠিক ব্যবস্থা নেওয়া দরকার।