দেশে ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ২৮ জুলাই ২০২৬ছবি: পিএমও

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তারেক রহমান এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসাযন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে।

আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে বলে সভায় প্রধানমন্ত্রীকে জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহার করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা যাবে।

দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় চিকিৎসা সরঞ্জাম দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে বলেও সভায় জানানো হয়েছে।

এ সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ–উপাচার্য মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মামুন শিবলী প্রমুখ উপস্থিত ছিলেন।