চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে ট্রেইলারের ওপর পড়ল কনটেইনার

চট্টগ্রাম বন্দরের জেটিতে লাইন ধরে রাখা হয়েছে কনটেইনার আর গ্যান্ট্রি ক্রেনফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার খালাসের সময় ক্রেনের তার ছিঁড়ে একটি ৪০ ফুট দীর্ঘ কনটেইনার নিচে থাকা প্রাইম মুভার ট্রেইলারের (ভারী মালবাহী ট্রাক) ওপর আছড়ে পড়েছে। এতে কনটেইনারটি ফেটে ভেতরে থাকা বিশাল আকারের কয়েকটি কাঠের গুঁড়ি ছিটকে বাইরে বেরিয়ে আসে। দুর্ঘটনায় কনটেইনার, গ্যান্ট্রি ক্রেন ও ট্রেইলার ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।

শনিবার রাত পৌনে আটটার দিকে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাস্থল ছাড়া বন্দরের অন্য সব জেটিতে কনটেইনার ওঠানো-নামানোসহ স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

বন্দর কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিটির ৩ নম্বর জেটিতে নোঙর করা ‘চ্যাং হাই’ জাহাজ থেকে ৪ নম্বর গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে একটি ৪০ ফুটের আমদানি কনটেইনার নামানো হচ্ছিল। এ সময় স্প্রেডারের তার ছিঁড়ে কনটেইনারটি নিচে থাকা প্রাইম মুভার ট্রেইলারের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় ৪ নম্বর গ্যান্ট্রি ক্রেন, কনটেইনার ও ট্রেইলার ক্ষতিগ্রস্ত হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কী কারণে স্প্রেডারের তার ছিঁড়েছে, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

সৈয়দ রেফায়েত বলেন, ‘শনিবার রাতেই দুর্ঘটনাকবলিত কনটেইনার অপসারণ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়েছে। রোববার সকাল থেকে গ্যান্ট্রি ক্রেনটির মেরামতকাজ শুরু হওয়ার কথা রয়েছে।’