ফাঁকা বাড়িতে টাকা-স্বর্ণালংকার না রাখতে পুলিশের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে ঢাকায় চুরি-ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ
প্রতীকী ছবি

ঢাকায় বাসাবাড়িতে চুরি, রাস্তায় ছিনতাই বেড়ে যায় ঈদের ছুটিতে। চুরি-ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফাঁকা রাজধানীর নিরাপত্তায় পাড়া-মহল্লার নিরাপত্তাকর্মীদের তৎপর থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি বলছে, প্রতিটি থানা এলাকায় অলিগলি ও মূল সড়কে পুলিশ গাড়িতে করে ও হেঁটে টহল দেবে। বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে। নগরীতে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে।

ঈদ সামনে রেখে সরকারি ছুটি শুরু হওয়ায় আজ বুধবারই ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। ঈদের এই ছুটিতে গ্রামে যাওয়ার আগে বাসাবাড়িতে আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি টাকা ব্যাংকে রাখতে এবং স্বর্ণালংকার থাকলে নিকটাত্মীয়দের কাছে নিরাপদে রেখে যেতে বলা হয়েছে।

গত শনিবার নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর বিপণিবিতান ও মার্কেটকেন্দ্রিক গোয়েন্দা নজরদারি এরই মধ্যে বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, রাজধানীসহ সারা দেশে ঈদের সময় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নাশকতার কোনো হুমকি এখনো নেই।

ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নগরবাসীর জীবন ও সম্পদ দুটিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ডিএমপি সূত্র জানায়, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় চুরি-ছিনতাই রোধে উদ্যোগের অংশ হিসেবে রাজধানীতে বিশেষ অভিযান চালানো হয়। গত ২৪ রোজা পর্যন্ত ২৮৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পাশাপাশি ফাঁকা রাজধানীর নিরাপত্তায় কাজ করছে র‍্যাব। র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থলে চুরি-ডাকাতি প্রতিরোধে নজরদারি ও টহল বাড়ানো হবে। র‍্যাব সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে। তিনি বলেন, যেকোনো নাশকতা ও হামলা মোকাবিলায় সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদযাত্রার আগে যেসব বিষয়ে নজর দিতে হবে
ঈদে তাড়াহুড়া করে বাড়ি যেতে গিয়ে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যান, যার মাশুল দিতে হয় ছুটি কাটিয়ে আসার পর। এবারের ঈদে যাতে সে ভুল না হয়, সে জন্য বাড়ি যাওয়ার আগে যেসব কাজ করা উচিত, তার একটি তালিকা তুলে ধরা হলো—

বাসা থেকে বের হওয়ার আগে তাড়াহুড়ায় বিদ্যুতের সুইচ বন্ধ করতে ভুলে যান অনেকে। বিশেষ করে বের হওয়ার সময় বাড়িতে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে লাইট-ফ্যানের সুইচ অন ছিল কি না, অনেক সময় বোঝা যায় না। লম্বা ছুটিতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাসার প্রতিটি লাইট, ফ্যানের সুইচ বন্ধ করা হয়েছে কি না। এমনকি বাসার গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সংযোগ, যেমন কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করতে হবে। যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র, যেমন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি ফটোকপি করে এক কপি নিজের কাছে রাখতে হবে এবং মূল কপি সযত্নে রেখে যেতে হবে। যাত্রাপথে ভিড়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে পুনরুদ্ধার করতে বিশাল ঝক্কিঝামেলা পোহাতে হয়।

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হতে হবে। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিতে হবে। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে। এমনকি পানির কল ভালোভাবে বন্ধ করা হয়েছে কি না, সেদিকেও নজর রাখতে হবে।ৎ

বাড়ি যাওয়ার আগে ফ্রিজ ও ময়লা রাখার পাত্র যথাসম্ভব খালি রাখার চেষ্টা করতে হবে। নইলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে দেখা যায়, ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। তখন চাইলেও সেই বাসি খাবার খাওয়া সম্ভব হয় না। অন্যদিকে পাত্র পরিষ্কার করা না হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধ হয়। ঘর বন্ধ থাকায় দুর্গন্ধ বেরও হতে পারে না।

পোষা প্রাণী থাকলে সেটাকে একা বাসায় রেখে যাওয়া যাবে না। সম্ভব হলে সঙ্গে করে নিয়ে যেতে হবে অথবা পরিচিত কারও বাসায় রেখে যেতে হবে। ঢাকাতেই পোষা প্রাণীদের কিছু সেবাকেন্দ্র গড়ে উঠেছে, যেখানে নামমাত্র খরচে নিজের পোষা প্রাণী রেখে যাওয়া যাবে।

বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করা হয়েছে কি না, তা খেয়াল করতে হবে। বাসায় ঠিকমতো তালা লাগানো হয়েছে কি না, তা পরীক্ষা করে নিতে হবে।