বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে তৈরি জন–আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে তৈরি জন–আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের এ ক্ষেত্রে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশের সেবা হবে হয়রানিমুক্ত, জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ সদর দপ্তর বলছে, ছাত্র-জনতার ওপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে ১ হাজার ৬৯৫টি মামলা হয়েছে। গত সরকারি দলের নেতৃস্থানীয় ৭৪ জনসহ চলতি অক্টোবর মাসে ৩ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় যাঁরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও মামলা, গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।