রোগী বাড়ছে, নিরাপদ পানি নিশ্চিতের তাগিদ

ডায়রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগীর প্রায় ৪০ ভাগের শরীরে পাওয়া যাচ্ছে কলেরার জীবাণু। মূলত অনিরাপদ খাওয়ার পানির মাধ্যমে এই জীবাণু মানুষের শরীরে যাচ্ছে বলে চিকিৎসকেরা মনে করছেন।

প্রায় তিন সপ্তাহ ধরে নগরের বিভিন্ন এলাকা থেকে হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। এ ছাড়া সীতাকুণ্ড, পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ ও আনোয়ারায় ডায়রিয়া রোগী বেশি পাওয়া যাচ্ছে। এসব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার ২৬৫ ডায়রিয়া রোগী ভর্তি হন। এ নিয়ে চলতি মাসে উপজেলাগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল আড়াই হাজারে। গত মাসে এ সংখ্যা ছিল ৫ হাজার ৬৯৫।

জানতে চাইলে সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মূলত খাওয়ার পানি কিংবা নানা ধরনের খোলা পানীয় থেকে ডায়রিয়া হয়। ওয়াসার পানিও নানাভাবে দূষিত হয়। আগেও হালিশহরে খাওয়ার পানিতে কলেরা জীবাণু পাওয়া গিয়েছিল।’ তিনি বলেন, পানিতে লবণাক্ততার কারণে অসমোটিক ডায়রিয়া হতে পারে। গবেষণা দল বিষয়গুলো খতিয়ে দেখছে।

মূলত খাওয়ার পানি কিংবা নানা ধরনের খোলা পানীয় থেকে ডায়রিয়া হয়। ওয়াসার পানিও নানাভাবে দূষিত হয়। আগেও হালিশহরে খাওয়ার পানিতে কলেরা জীবাণু পাওয়া গিয়েছিল।
মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সিভিল সার্জন, চট্টগ্রাম

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি দল সিটি করপোরেশন এলাকাসহ উপজেলাগুলোতে কাজ করছে। এর আগে গত বছরের আগস্ট মাসে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর আইইডিসিআরের একটি দল করপোরেশনের ৩৮, ৩৯ ও ৪০ ওয়ার্ড থেকে খাওয়ার পানির নমুনা পরীক্ষা করেছিল। তখন পানিতে কলেরার জীবাণু পাওয়া যায়। ওয়াসা কর্তৃপক্ষকে পাইপলাইন সংস্কার, জলাধার নিয়মিত পরিষ্কার করা, পানিতে নিয়মিত ক্লোরিনের আদর্শ মাত্রা বজায় রাখার সুপারিশ করা হয়েছিল। এবার এর সঙ্গে যোগ হয়েছে লবণাক্ততা।

চিকিৎসকেরা বলছেন, ওয়াসার পানিতে লবণাক্ততা, অনিরাপদ পানি পান ও রাস্তাঘাটের খোলা পানীয় ডায়রিয়া রোগী বাড়ার অন্যতম কারণ। পানি সরবরাহ লাইনে ত্রুটি ও অপরিচ্ছন্ন জলাধার খাওয়ার পানিকে অনিরাপদ করছে।

তবে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ট্রিটমেন্ট ও উৎপাদন) মো. নুরুল আমিন বলেন, ‘পানিতে লবণাক্ততা লিটারে ৪০০ মিলিগ্রামের মধ্যেই আছে। সব আদর্শ মান নিশ্চিত করে আমরা পানি সরবরাহ করছি। কেউ জলাধার অপরিচ্ছন্ন রাখলে কী করব।’

ওরস্যালাইন যেন কেউ বন্ধ না করেন

বিশেষায়িত হাসপাতাল ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসার্স ডিজিজেস (বিআইটিআইডি) এখন দিনে ৮০ জন পর্যন্ত রোগী ভর্তি হচ্ছেন। গতকাল সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ভর্তি হন ৭২ রোগী। রোগীদের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, ৩০ থেকে ৪০ শতাংশের শরীরে কলেরা জীবাণু রয়েছে।

প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ বলেন, প্রথম দিকে পরীক্ষা করা রোগীদের ২০-২৫ শতাংশের শরীরে কলেরা জীবাণু মিলেছে। এখন ৪০ শতাংশ পর্যন্ত কলেরা রোগী পাওয়া যাচ্ছে।

শতভাগ রোগীর নমুনা পরীক্ষা করতে পারলে সঠিক চিত্র পাওয়া যেত উল্লেখ করে মামুনুর রশিদ বলেন, ওয়াসার সরবরাহ লেনের সঙ্গে সুয়ারেজ লেনের সংযোগে পানি দূষিত হতে পারে।

গতকাল বিআইটিআইডি হাসপাতালে কথা হয় নগরের দেওয়ানহাটের রোকেয়া বেগমের সঙ্গে। তিনি বলেন, আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তাঁর নাতনির ডায়রিয়া হয়েছে। তাঁরা বাসায় ওয়াসার পানি খান।

এদিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে গতকাল ডায়রিয়া রোগী ছিলেন ৭৩ জন। এর মধ্যে ৫৩ শিশু। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গতকাল রোগী ছিল ৭৪ জন। এখানে গত ১০ দিনে ভর্তি হয় মোট ৫৫০ রোগী। নগরের জেনারেল হাসপাতালে গতকাল ৩০ ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন।

গরমের সময় নিরাপদ খাবার পানি খুবই জরুরি উল্লেখ করে চমেক মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুস সাত্তার বলেন, ডায়রিয়া আক্রান্ত হলে ওরস্যালাইন যেন কেউ বন্ধ না করে।