ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় যুব মহিলা লীগের মোনালিসা রিমান্ডে

সৈয়দা মোনালিসা ইসলামছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় যুব মহিলা লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী।

আজ বৃহস্পতিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনায়েদ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ১২ আগস্ট তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখান। পরদিন ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় মোনালিসাকে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আদশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে জুলাই আন্দোলনের সময় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তাঁর শ্যালক আবদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কারাগারে আটক রয়েছেন।