এআই ব্যবহার করে ব্যাংকিং খাতে সাইবার হামলার ঝুঁকি, সতর্ক করল সার্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। এ ধরনের হামলার মাধ্যমে দ্রুত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং আর্থিক ব্যবস্থায় অনুপ্রবেশ করা সম্ভব। এ বিষয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট।
আজ মঙ্গলবার এক সতর্কবার্তায় বাংলাদেশের ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফিনটেক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সার্ট।
সার্টের কর্মকর্তারা বলছেন, এআই-চালিত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা এখন স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলার একাধিক ধাপ পরিচালনা করতে পারছে। এর মধ্যে রয়েছে সার্ভারের দুর্বলতা খুঁজে বের করা, পাসওয়ার্ড ও পরিচয়সংক্রান্ত তথ্য চুরি, নিরাপত্তাব্যবস্থা অতিক্রম এবং গোপন তথ্য সংগ্রহ।
সার্টের ওই সতর্কবার্তায় চিলির একটি আর্থিক প্রতিষ্ঠানে ঘটা সাইবার হামলার তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, হামলাকারীরা প্রতিষ্ঠানের একটি অ্যাপ্লিকেশনের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমে প্রবেশ করে। পরে তারা ডেটাবেজ, ক্লাউড অবকাঠামো এবং অভ্যন্তরীণ বিভিন্ন ব্যবস্থায় ছড়িয়ে পড়ে। এতে ১ কোটি ৫৬ লাখের বেশি আর্থিক রেকর্ডে প্রবেশাধিকার পাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। কাজাখস্তানের একটি অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলার প্রস্তুতির তথ্যও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় আর্টেক্স ও সাইবারস্ট্রাইক এআইয়ের মতো এআই-চালিত সাইবার আক্রমণসংক্রান্ত টুলের কথা উল্লেখ করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা দ্রুত বিভিন্ন সিস্টেমের দুর্বলতা শনাক্ত এবং আক্রমণের কার্যক্রম সমন্বয় করতে পারে।
এ জন্য ইন্টারনেটে উন্মুক্ত অ্যাপ্লিকেশন ও এপিআইয়ের নিরাপত্তা পরীক্ষা, পাসওয়ার্ড ও ক্লাউড অ্যাকাউন্ট সুরক্ষা, ডেটাবেজে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুপারিশ করেছে সার্ট। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিস্টেমে বহুধাপের পরিচয় যাচাই বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, শুধু সন্দেহজনক আইপি ঠিকানা ব্লক করলেই এ ধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত নিরাপত্তা পরীক্ষা, তথ্য পর্যবেক্ষণ এবং দ্রুত সাইবার হামলা শনাক্ত ও মোকাবিলার ব্যবস্থা।
জানতে চাইলে সার্টের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এখনো এ ধরনের হামলার তথ্য নেই। তবে দক্ষিণ এশিয়ায় এমন ঘটনা ঘটছে। সেই বিবেচনায় দেশের আর্থিক খাতকে আগাম সতর্ক ও সুরক্ষিত রাখার জন্য এই সতর্কবার্তা।’