উপমহাদেশের প্রেক্ষাপটে গাজীপুরে নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সার্বিকভাবে এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ভালো আছে। নির্বাচনের ফলাফল পর্যন্ত পরিবেশ ভালো থাকবে।
আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন মো. আলমগীর। তিনি বলেন, ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে ভাঙচুরের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, শান্তিপূর্ণভাবে প্রচার চলছে। কমিশন কোনো অভিযোগ পায়নি। মূল ধারার কোনো গণমাধ্যমেও গাড়ি ভাঙচুরের খবর আসেনি। রোববার তিনি নিজেও গাজীপুর গিয়েছিলেন উল্লেখ করে বলেন, অত্যন্ত সুন্দরভাবে প্রচার চলছে। তবে দেশে যে সংস্কৃতি, দুটি পক্ষ মুখোমুখি হলে স্লোগান দেয়, এমন ক্ষেত্রে পুলিশ সুন্দরভাবে ভূমিকা পালন করছে।
গাজীপুর সিটি নির্বাচনের পরিস্থিতি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘কেন থাকবে না? আপনাদের মনে হয় কি নাই? না থাকার প্রমাণ দেন।’
ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মো. আলমগীর বলেন, নির্বাচনী দায়িত্বে ৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রত্যেক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিজিবি, র্যাব থাকবে। বিচারিক হাকিম থাকবেন। এরপরও নির্বাচন সুষ্ঠু না হওয়ার তো কোনো কারণ নেই।
মো. আলমগীর বলেন, ‘ভোটাররা যদি বলেন যে আমরা ভয় পাচ্ছি, তো আন্দাজে ভয় পেয়ে তো লাভ নাই। উনি ঘর থেকে বের হোক। ভোট দিতে যাক। তারপর যদি কেউ বাধা দেয়, তখন বলুক, আমাদের কাছে পাঠাক যে অমুকে বাধা দিচ্ছে। দেখেন তখন কী হয়। কঠিন অ্যাকশন হবে।’
মো. আলমগীর বলেন, ভোটের ফলাফল বিবরণীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবার এজেন্টের সই থাকতে হবে। সই না থাকলে তা গ্রহণ করা হবে না। কারও এজেন্ট না থাকলে সেটাও লিখে দিতে হবে। তিনি বলেন, কোনো ভোটকেন্দ্রে কোনো প্রার্থীর এজেন্ট না থাকলে প্রিসাইডিং কর্মকর্তা তা রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন। প্রার্থীর কাছেও জানতে চাওয়া হবে কেন তাঁর এজেন্ট নেই। প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ গিয়ে এজেন্টকে কেন্দ্রে দিয়ে আসবে।