কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের দুই কোটির বেশি কৃষক কৃষি উপকরণ কার্ড পেয়েছেন। সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এ সময় কৃষিমন্ত্রী বলেন, প্রণোদনা, পুনর্বাসন, আর্থিক সুবিধা ও কৃষিঋণ প্রাপ্তির জন্য কৃষকদের নিবন্ধন করে ‘কৃষি উপকরণ কার্ড’ প্রদান করা হয়। সারা দেশে এ কার্ডধারী কৃষকের সংখ্যা ২ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৮৬৯।
সংসদ সদস্য আফজাল হোসেনের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডের কারণে পৃথিবীব্যাপী জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন। জাতিসংঘের তথ্যমতে, প্রকৃতি ধ্বংসের বর্তমান ধারা চলতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে বিশ্বব্যাপী ১০ লাখ প্রজাতি বিলুপ্ত হতে পারে।