‘সেরা রাঁধুনী সিজন ৯’–এর উদ্বোধন, নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর
রান্নাবিষয়ক সুপরিচিত রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র এই রিয়েলিটি শোর এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। ‘সেরা রাঁধুনী সিজন ৯’–এ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) শেষ সময় ১৫ নভেম্বর। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নতুন লোগো ও প্রমোশনাল কনটেন্ট উন্মোচন করা হয়। এরপর নিবন্ধন প্রক্রিয়ার সূচনা ঘোষণা করা হয়।
‘সেরা রাঁধুনী সিজন ৯’–এ বিচারক হিসেবে থাকছেন ইন্ডালজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়েন ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং অভিনয়শিল্পী জয়া আহসান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা বরাবরের মতোই মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনের শুরুতে ‘সেরা রাঁধুনী’র দুই দশকের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশা বিষয়ে স্বাগত বক্তব্য দেন পারভেজ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘২০ বছর আগে রান্নার মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে জীবনবদলের যে স্বপ্ন নিয়ে সেরা রাঁধুনী যাত্রা শুরু করেছিল, সিজন ৯-এ তা আরও বড় পরিসরে রূপ পাবে বলে আমরা আশা করি।’ এরপর মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকম লিমিটেডের পক্ষ থেকে ২০ বছরের অর্জন ও সম্প্রচারের প্রস্তুতির কথা জানান অজয় কুমার কুন্ডু। গত দুই দশকে ‘সেরা রাঁধুনী’র হাত ধরে জীবন বদলে যাওয়া নতুন উদ্যোক্তা ও শেফদের গল্প এবং এবারের সিজন নিয়ে নিজের চিন্তা তুলে ধরেন ইমতিয়াজ ফিরোজ।
উপস্থাপক মৌসুমী মৌ সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন।
অংশগ্রহণের নিয়ম ও অন্যান্য তথ্য
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এ অংশ নিতে পারবেন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে ওয়েবসাইটের মাধ্যমে কিংবা এসএমএস পদ্ধতির মাধ্যমে রেসিপি ও তথ্য পাঠিয়ে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত। এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: SR9 <স্পেস> নাম <স্পেস> বয়স <স্পেস> বিভাগ <স্পেস> রেসিপির নাম। বার্তাটি পাঠাতে হবে ৮৮০৯৬১২৬১৫৫৫৫—এই নম্বরে।
বিচারকদের রায়ে কারও রেসিপি নির্বাচিত হলে প্রতিযোগীকে বিভাগীয় অডিশনের জন্য আহ্বান করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। অডিশনের জন্য নির্বাচিত রেসিপির খাবার অডিশনের দিন নিজে তৈরি করে নিয়ে আসতে হবে। তৈরি করা খাবার ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য হলে ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
দেশজুড়ে বিভাগীয় অডিশনের পর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগী নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে স্বাদের পাশাপাশি বিচার করা হবে পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্ব গুণাবলি। বিজয়ী রাঁধুনী পুরস্কার হিসেবে পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা।
‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় থাকছে মিডিয়াকম লিমিটেড। হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। যেকোনো তথ্যের প্রয়োজনে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ০৮০০০১১১৩৩৩—এই নম্বরে যোগাযোগ করা যাবে। ফেসবুক পেজেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।