স্থানীয় দ্বন্দ্বে ২১ ইউনিয়নে দুস্থ নারীরা চাল পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডব্লিউভি কার্যক্রমে উপকারভোগীরা দুই বছর ধরে মাসে ৩০ কেজি চাল সহায়তা পান
ছবি: সংগৃহীত

স্থানীয় দ্বন্দ্বের জেরে দেশের ২১টি ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় দুস্থ নারীদের মধ্যে চাল বিতরণ শুরু করা যায়নি। এর মধ্যে সাতটি ইউনিয়নে দুস্থ নারীদের চূড়ান্ত তালিকাই করা যায়নি।

ভিডব্লিউবি কার্যক্রম-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকা তৈরি নিয়ে কোনো এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের দ্বন্দ্ব রয়েছে। কোথাও বরাদ্দ কার্ডের ভাগ-বাঁটোয়ারা নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্ব আছে। আবার কোনো এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এতে কোথাও তালিকা চূড়ান্ত করতে দেরি হয়েছে। আবার কোনো এলাকায় তালিকাই চূড়ান্ত করা যায়নি। ফলে চলতি বছরের প্রায় চার মাস পেরিয়ে গেলেও এসব ইউনিয়নের দুস্থ নারীরা চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এ কার্যক্রমটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে মহিলাবিষয়ক অধিদপ্তর। কার্যক্রমটি চলতি বছর ‘ভিডব্লিউবি’ নামে শুরু হয়। আগে নাম ছিল দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি)। ভিডব্লিউভি কার্যক্রমে উপকারভোগীরা দুই বছর ধরে মাসে ৩০ কেজি চাল সহায়তা পান।

আরও পড়ুন

এবার ভিডব্লিউবি চক্র ২০২৩-২৪-এর জন্য বরাদ্দ রয়েছে ১০ লাখ ৪০ হাজার কার্ড। এই চক্রে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উপকারভোগীরা সহায়তা পাবেন। চক্রের জন্য সারা দেশে কার্যক্রমে তালিকাভুক্ত হতে আবেদন জমা পড়ে ২৫ লাখ ৮৬ হাজার ৬৩৭টি। গত বছরের ১০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই আবেদন নেওয়া হয়। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নির্ধারিত সময় শেষ হয় গত বছরের ডিসেম্বরে।

অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন ও কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার একটি ইউনিয়নে উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা যায়নি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি, কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার ১টি, রাজারহাট উপজেলার ১টিসহ মোট ১৪টি ইউনিয়নে দ্বন্দ্বের কারণে তালিকা তৈরি করতে দেরি হয়েছে। ফলে এই ইউনিয়নগুলোতে চাল বিতরণ করা যায়নি।

কার্যক্রম বিষয়ে মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে, উপজেলা পর্যায়ে ভিডব্লিউবি বাস্তবায়ন ও ব্যবস্থাপনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পরিচালিত হবে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও জেলা কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার) ভিডব্লিউবি কার্যক্রম বাস্তবায়নসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। ভিডব্লিউবির উপকারভোগী নির্বাচনও তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে। পুরো বিষয়টি সমন্বয় ও পর্যবেক্ষণ করবেন জেলা প্রশাসক। কার্ডের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে ইউনিয়ন ও উপজেলা ভিডব্লিউবি কমিটি ইউনিয়ন পর্যায়ে খাদ্যনিরাপত্তাহীনতা ও অতিদরিদ্র পরিবারের সংখ্যার অনুপাত বিবেচনা করবে। উপজেলা কমিটির সভাপতি ইউএনও, উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান। ইউনিয়ন কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

খানসামায় চরম দ্বন্দ্ব

দিনাজপুরের খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে। এগুলো হলো ১ নম্বর আলোকঝাড়ী, ২ নম্বর ভেড়ভেড়ী, ৩ নম্বর আংগারপাড়া, ৪ নম্বর খামারপাড়া, ৫ নম্বর ভাবকী ও ৬ নম্বর গোয়ালডিহি। উপজেলাটি থেকে ১৯ হাজার আবেদন জমা হয়। তবে কার্ড বরাদ্দ রয়েছে ২ হাজার ৬৫৯টি।

স্থানীয় সূত্রে জানা যায়, তালিকা তৈরি নিয়ে ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান–সদস্যদের সঙ্গে ইউএনও ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। উপকারভোগীর তালিকা তৈরিতে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত ১০ জানুয়ারি স্থানীয় জনপ্রতিনিধিরা তৎকালীন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারকে তাঁর কার্যালয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, তাঁদের মতামত উপেক্ষা করে ইউএনও রাশিদা আক্তার ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার তালিকা তৈরি করেছেন। তালিকা তৈরিতে তাঁরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরীর মতামতকে প্রাধান্য দিয়েছেন।
তখন ইউএনও রাশিদা আক্তার সাংবাদিকদের বলছিলেন, ইউপি চেয়ারম্যানরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে উপকারভোগীদের তথ্য হালনাগাদ করেননি। তাই উপজেলা প্রশাসন নামের তালিকা আংশিক হালনাগাদ করে তা মহিলাবিষয়ক অধিদপ্তরে পাঠিয়ে দেয়।

এ পরিস্থিতিতে গত ২৮ মার্চ ইউএনও তাঁর করণীয় জানতে অধিদপ্তরে চিঠি পাঠান। চিঠির পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল পরিপত্র মেনে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে ইউএনও বরাবর চিঠি পাঠায় অধিদপ্তর।

সবশেষ ৩ এপ্রিল খানসামা উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরাম ও গ্রামবাসী ব্যানারে ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়।

উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম ১৯ এপ্রিল প্রথম আলোকে বলেন, ইউএনও ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিজেদের ইচ্ছেমতো তালিকা করেছেন। উপজেলা চেয়ারম্যান ছাড়া এই তালিকার বিষয়ে সব ইউনিয়নের চেয়ারম্যান-সদস্যদের আপত্তি আছে।

তালিকা চূড়ান্ত করার আগে গত ১৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে তা যাচাই-বাছাইয়ের জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ের কাজ সময়মতো করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মোজাহারুল ইসলাম বলেন, ‘উনারা (সরকারি কর্মকর্তারা) যে তালিকা করেছেন, সেটাও তো সময়মতো হয়নি।’

জানতে চাইলে খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী সম্প্রতি প্রথম আলোকে বলেন, যেসব আবেদন জমা হয়েছিল, সেগুলো থেকে মেধাস্কোর বা দারিদ্র্যসীমার নম্বর দেখে ইউএনও তালিকা চূড়ান্ত করেছিলেন। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা যে তালিকা দিয়েছেন, তার ৭০ শতাংশই এই স্কোরের আওতায় পড়ে না। সাঁওতাল নারীদের একজনও এই তালিকায় নেই। অধিদপ্তরে পাঠানো তালিকার বিরোধিতার পেছনে রাজনৈতিক কারণও আছে। ছয়টি ইউপি চেয়ারম্যানের পাঁচজনই বিএনপির লোক।

খানসামা উপজেলা মহিলাবিষয়ক বর্তমান কর্মকর্তা আফসানা মোস্তারী ১৮ এপ্রিল প্রথম আলোকে বলেন, অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার পর তালিকা যাচাই-বাছাইয়ের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পুরো তালিকা বাতিল চান। তাঁরা তাঁদের তালিকা অনুসারে বরাদ্দ চান। কিন্তু তা সম্ভব হবে না। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

তালিকা চূড়ান্ত হয়নি, নারীরা চাল পাননি

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে কার্ড বরাদ্দ নিয়ে ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে এখনো তালিকা চূড়ান্ত করা যায়নি। একই সমস্যা ছিল উপজেলার রাজীবপুর ও কোদালকাটি ইউনিয়নে। তবে কোদালকাটিতে সমঝোতা হয়ে চাল বিতরণ শুরু হয়েছে। কিন্তু রাজীবপুরে চাল বিতরণ করা যায়নি।

চর রাজীবপুর উপজেলায় ৩ হাজার ২৯২টি কার্ড বরাদ্দ রয়েছে।

সূত্র জানায়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সাতটি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে উমর মজিদ ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যের মধ্যে দ্বন্দ্বের কারণে চূড়ান্ত তালিকা তৈরি করতে দেরি হয় বলে। আলোচনার মাধ্যমে সম্প্রতি এ ইউনিয়নটির তালিকা চূড়ান্ত হয়। কিন্তু এখনো চাল বিতরণ করা যায়নি।

রাজারহাটের ইউএনও নূরে তাসনিম ১৮ এপ্রিল প্রথম আলোকে বলেন, উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে সমস্যা থাকায় তালিকা চূড়ান্ত করতে দেরি হয়েছে। এ কারণে চাল বিতরণ করা সম্ভব হয়নি।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নেও স্থানীয় দ্বন্দ্বের কারণে তালিকা তৈরি করতে দেরি হয়। এ বিষয়ে ত্রিশালের ইউএনও জুয়েল আহমেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ১২টি ইউনিয়নের কোথাও চাল বিতরণ শুরু হয়নি। তাঁরা শিগগিরই চাল বিতরণ শুরু করবেন। তিনি সম্প্রতি উপজেলায় যোগ দিয়েছেন। তাই তালিকা তৈরিতে দেরির কারণ কী, তা তিনি জানেন না।

ভিডব্লিউবি কার্যক্রমের কর্মসূচি কর্মকর্তা আয়েশা আক্তার প্রথম আলোকে বলেন, ‘যেসব জায়গায় সমস্যা রয়েছে, আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

উপকারভোগীরা যেন দ্রুত সহায়তা পান, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বকেয়া সহায়তা একত্রে দিয়ে দেওয়া হবে।’