সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক করল পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরফাইল ছবি

সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বার্তা পেয়ে কেউ যেন প্রতারণার ফাঁদে না পড়েন—সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি কিছু প্রতারক চক্র সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। এতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানেই তা তাঁর ব্যবহৃত নম্বর—এমন ধারণা করার কোনো কারণ নেই। তাই কেউ যেন এ ধরনের মিথ্যা ও প্রতারণামূলক বার্তায় সাড়া না দেন। পুলিশ সদর দপ্তর আরও জানায়, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।