পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে নতুন সংকট তৈরি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা। বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে
ছবি: সংগৃহীত

সামরিক পথ না খুঁজে রাজনৈতিক উপায়ে এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই দেশের পার্বত্য অঞ্চলের সমস্যার সমাধান করতে হবে। এটা না করে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হলে দেশে নতুন সংকট দেখা দিতে পারে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ আলোচনা সভা হয়।

আলোচনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, পাহাড়ে অশান্তির কারণ হিসেবে জনসংহতি সমিতির দিকে আঙুল তোলা অন্যায়। কারণ, সংগঠনটির মূল বৈশিষ্ট্য রাজনৈতিকভাবে সমস্যার সমাধান, সামরিক পন্থায় সমাধান নয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান সামরিক উপায়ে পার্বত্য অঞ্চলের সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। এ জন্য তিনি ওই এলাকায় ক্যান্টনমেন্টের সংখ্যা বাড়িয়েছেন এবং চার লাখ অভিবাসীকে সেখানে পাঠিয়েছেন। এরপরই জনসংহতি সমিতি অস্ত্র তুলে নিয়েছে।’

দুর্গম পাহাড়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ক্যাম্পে জঙ্গি সংগঠন কীভাবে প্রশিক্ষণ নেয়, সে বিষয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান মেনন। এ ঘটনার তদন্ত দাবি করে তিনি বলেন, প্রশাসনের নাকের ডগায় বসে কেএনএফ জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে, এর কারণ কী? নাইক্ষ্যংছড়িতে উদ্ধার করা অস্ত্রের উৎস সম্পর্কেও জানতে চান এই সংসদ সদস্য। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে রাশেদ খান মেনন বলেন, যাতে জাতীয় নির্বাচনে জনসংহতি সমিতি থেকেই নির্বাচনে অংশ নেওয়া যায়। পাশাপাশি জনসংহতি সমিতিকে জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান বলেন, পার্বত্য অঞ্চলে অধিকার আদায়ের আন্দোলন কেবল ওই এলাকার আন্দোলন নয়, পুরো বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন। পার্বত্য অঞ্চলে ‘জবরদস্তিমূলক’ শাসন রেখে সমগ্র বাংলাদেশ গণতান্ত্রিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের প্রতি জোর দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, চুক্তির পূর্ণ বাস্তবায়ন না করে সংগঠনে বিভেদ ও ভাঙনের চেষ্টা করা হলে নতুন সংকটের জন্ম হবে। কারণ, তরুণ প্রজন্ম আগের চেয়ে আরও বেশি সক্রিয় ও সচেতন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের সাংবিধানিকভাবে নিজ নিজ জাতিগোষ্ঠীর পরিচয় নিশ্চিত করার দাবি জানিয়ে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেসবাহ কামাল বলেন, দেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়তে হলে সব জাতিসত্তার সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, অন্য এলাকার মানুষের কাছে কাপ্তাই দেশের জলবিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত, আর কাপ্তাইবাসীর কাছে এটি চোখের জল। তিনি বলেন, ‘বর্তমান সরকার দাবি করে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাহলে জুম অঞ্চলে অধিকার প্রতিষ্ঠা হবে না কেন?’
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য (তথ্য ও প্রচার বিভাগ) দীপায়ন খীসা প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্টাফ সদস্য মরিরা ত্রিপুরা।