চট্টগ্রামের চার গ্রাম
পানিসংকটাপন্ন এলাকা ঘোষণার সিদ্ধান্তসহ রায়ের নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিতে নির্দেশ
চট্টগ্রামের চারটি গ্রামকে পানিসংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে রায়ের নির্দেশনাগুলো অবিলম্বে বাস্তবায়ন নিশ্চিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। গ্রাম চারটি হলো পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই, হুলাইন, পাচুরিয়া ও হাবিলাসদ্বীপ।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে নিয়ে বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
একই সঙ্গে ওই চার গ্রামের বাসিন্দাদের অব্যাহতভাবে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পানি, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় সরকারসচিব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না।
বেলা জানায়, আটটি শিল্পপ্রতিষ্ঠানের ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ওই চার গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বসানো ৩৫০টি টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ সুপেয় পানির সংকটে পড়েছে। আটটি প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগেরই পরিবেশগত ছাড়পত্র নেই এবং বর্জ্যশোধনাগার ছাড়া পরিচালিত হচ্ছিল। শিল্পবর্জ্য খালে ও কৃষিজমিতে ফেলা হচ্ছিল। সৃষ্ট দূষণে গ্রামবাসী সুপেয় পানির পাশাপাশি চাষাবাদের পানির সংকটেও পড়েছে।
এই প্রেক্ষাপটে ২০১৫ সালের জানুয়ারিতে বেলা হাইকোর্টে একটি রিট করে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৯ জানুয়ারি হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালের ২৬ নভেম্বর হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ রায় দেন। ২০১৩ সালের পানি আইনের অধীনে কোনো এলাকাকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণার আরজি জানিয়ে এটিই দেশে প্রথম আইনি কার্যক্রম।
রায়ে চারটি গ্রামকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণার বিষয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়। শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ভূগর্ভস্থ পানি উত্তোলন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আটটি শিল্পপ্রতিষ্ঠানের দূষণের মাত্রা যাচাই করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে বলা হয়। বিষয়টি চলমান তদারকিতে থাকবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রায়ের নির্দেশনাগুলো তিন বছরেও বাস্তবায়িত না হওয়ায় বেলা ওই আবেদন করে বলে জানিয়ছেন আইনজীবী এস হাসানুল বান্না। তিনি প্রথম আলোকে বলেন, নির্দেশনা বাস্তবায়ন সাপেক্ষে আগামী তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।