মালয়েশিয়ায় প্রতিরক্ষা প্রদর্শনী পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া’ (ডিএসএ) ও ‘ন্যাশনাল সিকিউরিটি এশিয়া’ (ন্যাটসেক এশিয়া-২০২৬) প্রদর্শনী পরিদর্শন করেছেন। ২০ এপ্রিল ২০২৬ছবি: আইএসপিআরের সৌজন্যে।

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া’ (ডিএসএ) ও ‘ন্যাশনাল সিকিউরিটি এশিয়া’ (ন্যাটসেক এশিয়া-২০২৬) প্রদর্শনী পরিদর্শন করেছেন। সোমবার প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি এই প্রদর্শনী পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসএ ও ন্যাটসেক এশিয়া-২০২৬ এশিয়ার অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা প্রদর্শনী। এতে আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি এবং অত্যাধুনিক নিরাপত্তা ও যুদ্ধসরঞ্জাম প্রদর্শিত হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, সেনাবাহিনীর প্রধান আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অষ্টম ‘পুত্রজায়া ফোরামে’ অংশ নেবেন। এই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

সফরের সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গতকাল রোববার চার দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান।