যেখানে নিরাপদে থাকার কথা কিশোরীদের, সেখানেই যৌন হয়রানির অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) তত্ত্বাবধায়ক মো. সেতারুজ্জামানের বিরুদ্ধে যৌন হয়রানি, হুমকি ও নানা অনিয়মের অভিযোগ উঠে আসার পর তদন্ত হয়েছিল, সাময়িক বরখাস্তও হয়েছিলেন তত্ত্বাবধায়ক। কিন্তু পরে বিভাগীয় শুনানিতে অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি’—এই কারণ দেখিয়ে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে আবার সেই কেন্দ্রেই দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
সমাজসেবা অধিদপ্তরে পরিচালক (প্রতিষ্ঠান) হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মোহা. কামরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, সেতারুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। তাঁকে বর্তমানে অধিদপ্তরে ওএসডি করে রাখা হয়েছে।
ছয় কিশোরীর অভিযোগ
সেতারুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে গত বছরের ১০ নভেম্বর কেন্দ্রটি পরিদর্শন করেন ঢাকার বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) আয়েশা আক্তার। তিনি নিবাসী ও কর্মরত ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। গত ৮ ডিসেম্বর পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, ছয়জন নিবাসী নিজেদের এবং অন্যদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির বিভিন্ন ঘটনা তুলে ধরেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিবাহিত কিশোরীদের স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়ে জানতে চাইতেন তত্ত্বাবধায়ক সেতারুজ্জামান। সন্তান কেন নেয়নি—এসব প্রশ্ন করতেন। স্বামীকে কেন্দ্রে ডেকে এনে কিশোরীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার প্রস্তাবও দিতেন বলে অভিযোগ করা হয়। এসব প্রশ্নের উত্তর দিতে না চাইলে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার হুমকির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
প্রতিবেদন অনুযায়ী, বিবাহিত কিশোরীদের স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়ে জানতে চাইতেন তত্ত্বাবধায়ক সেতারুজ্জামান। সন্তান কেন নেয়নি—এসব প্রশ্ন করতেন। স্বামীকে কেন্দ্রে ডেকে এনে কিশোরীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার প্রস্তাবও দিতেন বলে অভিযোগ করা হয়।
ছুটির দিন, সন্ধ্যা কিংবা রাতেও কিশোরীদের একা কক্ষে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার অভিযোগ করেছে কয়েকজন। এক কিশোরী জানিয়েছে, একপর্যায়ে সে সেতারুজ্জামানের হাতে কামড় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। আরেক কিশোরীর অভিযোগ, তাকে বাথরুমে গিয়ে একসঙ্গে পাঁচ মিনিট সময় কাটাতে বলতেন তত্ত্বাবধায়ক। কাউকে কাউকে মুঠোফোনে পর্নোগ্রাফি ভিডিও দেখতেও বাধ্য করার অভিযোগ আছে।
আরেক কিশোরীর অভিযোগ ছিল, তাকে ‘মা–বাবা এসেছেন’—এমন মিথ্যা কথা বলে নিজের কক্ষে ডেকে নিতেন তত্ত্বাবধায়ক। আবার কেন্দ্রটিতে আসার কারণ অন্যদের বলে দেওয়ায় কোনো কোনো নিবাসী অন্য নিবাসীর কাছে হয়রানির শিকার হয়েছে।
অভিযোগ জানিয়েও ব্যবস্থা হয়নি
নিবাসীরা গত বছরের ১৫ জুলাই উপপরিচালকের কাছে সেতারুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিল। সেই অভিযোগ জেলা ও বিভাগীয় দপ্তর ঘুরে সমাজসেবা অধিদপ্তরের সদর দপ্তরে পৌঁছে। তবে এরপরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সেতারুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। তাঁকে বর্তমানে অধিদপ্তরে (ওএসডি) দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করার পর কোনো কোনো কিশোরীকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এমনকি তাঁদের জামিন আটকে দেওয়ার কথাও বলা হয়েছিল বলে অভিযোগ আছে।
গত বছরের ৩০ অক্টোবর কেন্দ্রের একটি সমাবেশে সেতারুজ্জামান আবারও নিবাসীদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে নিবাসীরা তাঁকে আক্রমণ করে। তাঁর কক্ষের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মরত ব্যক্তিরা তাঁকে অন্য একটি কক্ষে নিয়ে তালা দিয়ে আটকে রাখতে বাধ্য হন।
আয়েশা আক্তারের প্রতিবেদনে ঘটনাটিকে নিবাসীদের ‘দীর্ঘদিনের জমা হওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঘুষ ও গর্ভপাতের অভিযোগ
সেতারুজ্জামানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পাশাপাশি নিবাসীদের পরিবারকে মুঠোফোনে কথা বলিয়ে টাকা নেওয়া এবং এক অন্তঃসত্ত্বা কিশোরীর গর্ভপাতের চেষ্টা করার অভিযোগও উঠে আসে। একাধিক কিশোরীর অভিযোগ, কোনো কোনো অভিভাবক তত্ত্বাবধায়কের জন্য বিশেষ খাবার নিয়ে আসতেন। অভিভাবকদের কাছ থেকে ঘুষ ও উপহার নিয়ে তিনি কাউকে কাউকে বাড়তি সুবিধা দিতেন।
নিবাসীরা গত বছরের ১৫ জুলাই উপপরিচালকের কাছে সেতারুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিল। সেই অভিযোগ জেলা ও বিভাগীয় দপ্তর ঘুরে সমাজসেবা অধিদপ্তরের সদর দপ্তরেও পৌঁছেছিল। তবে এরপরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তত্ত্বাবধায়ক নিজের মুঠোফোন দিয়ে টাকার বিনিময়ে নিবাসীদের পরিবারের সঙ্গে কথা বলিয়ে দিতেন। যারা টাকা দিতে পারত না, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হতো বলে জানিয়েছে কিশোরীরা। কর্মরত ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের কাছ থেকে ঘুষ নিয়ে এক অন্তঃসত্ত্বা কিশোরীর গর্ভপাত করানোর জন্য খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেতারুজ্জামান।
তবে পরবর্তী বিভাগীয় শুনানিতে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একা কক্ষে ডাকার অভিযোগ
পরিদর্শন প্রতিবেদনে কর্মরত ব্যক্তিদের বক্তব্যও তুলে ধরা হয়েছে। তাঁদের ভাষ্য, কেস ওয়ার্কার ছাড়া সেতারুজ্জামান কিশোরীদের একা কক্ষে ডাকতেন, যা নিয়মবিরুদ্ধ। কোনো কোনো অভিভাবককে বাইরে থেকে খাবার আনার অনুমতিও দিয়েছিলেন তিনি। এমনকি নিবাসীদের তাঁর কক্ষে বসে খাবার খাওয়ার অনুমতি দেওয়ার অভিযোগও আছে।
আমি তদন্ত করে প্রতিবেদন দিয়েছি। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফয়সালা দিয়েছে। এ নিয়ে আমি আর কী বলব। অব্যাহতির সিদ্ধান্ত যৌক্তিক হয়নি, তা–ও বিভিন্ন সময় জানিয়েছি।
পরে অন্য নিবাসীরা প্রতিবাদ করলে সবাইকে বাইরে থেকে খাবার আনার অনুমতি দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তত্ত্বাবধায়কের বিরুদ্ধে নিবাসীদের খাবারে ভাগ বসানো, ভুক্তভোগী শিশুদের আসামিপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া এবং আনসার সদস্যদের মাধ্যমে শিশুদের নিজের কক্ষে ডেকে নেওয়ারও অভিযোগ আছে।
কর্মরত কয়েকজনের অভিযোগ, সেতারুজ্জামান তাঁদের সঙ্গেও শারীরিক সম্পর্ক, বিয়ে ও স্বামীকে নিয়ে বিব্রতকর কথা বলতেন এবং বাজে ইঙ্গিত করতেন। নারী কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগও আছে।
তদন্তের পর সাময়িক বরখাস্ত
গত বছরের ৮ ডিসেম্বর বিভাগীয় কার্যালয় সেতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি চাকরির শৃঙ্খলাপরিপন্থী অসদাচরণ ও ফৌজদারি অপরাধের লিখিত অভিযোগ আনে। এরপর গত ২৫ জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তিনি নিবাসীদের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেছেন এবং তা অব্যাহত রেখেছেন। গর্ভপাতের অভিযোগ ছাড়াও জামিন হওয়ার পর এক কিশোরীকে নির্ধারিত সময়ের পর আরও ১০ দিন কেন্দ্রে রাখাসহ বিভিন্ন অভিযোগ এতে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আয়েশা আক্তার উল্লেখ করেছেন, সেতারুজ্জামান তাঁকেও ‘বডি শেমিং’ করতে ছাড়েননি। সরেজমিনে গেলে নিবাসীরা তাঁর সম্পর্কে সেতারুজ্জামান যে বাজে কথা বলেছিলেন, তা তাঁকে জানিয়েছিল।
রাষ্ট্রপতির আদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ (৩ খ এবং ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। বিধি অনুযায়ী তিনি শুধু খোরপোশ ভাতা পাবেন।
পরে অভিযোগ ‘প্রমাণিত হয়নি’
সেতারুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে গত ২৬ এপ্রিল তাঁকে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী দেওয়া হয়। পরে তিনি ব্যক্তিগত শুনানির আবেদন করলে ১ জুলাই তাঁর শুনানি হয়। গত ২৭ জুলাই মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, শুনানিতে অভিযোগকারী এক নিবাসী জানায়, তাকে গর্ভপাত করানোর জন্য সেতারুজ্জামান কোনো ওষুধ খাওয়ানোর চেষ্টা করেননি; বরং তিনি তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেছেন। তবে অন্যদের কাছে তত্ত্বাবধায়কের বাজে আচরণের কথা শুনেছেন বলে তিনি জানিয়েছেন। তাই গর্ভপাতের অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি।
শিশু উন্নয়ন কেন্দ্রে হাউসপ্যারেন্ট একটি গুরুত্বপূর্ণ পদ। পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, এই পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল।
অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রের এক নার্সকে (আউটসোর্সিং) শুনানিতে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। তিনি তখন আর ওই প্রতিষ্ঠানে চাকরি করতেন না এবং ফোনও ধরেননি।
প্রজ্ঞাপনে বলা হয়, এতে অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাই বিধি অনুযায়ী সেতারুজ্জামানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করা হয়। বরখাস্তকালকে কর্মকাল হিসেবে গণ্য এবং বকেয়া বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্তও হয়।
একই কেন্দ্রে দায়িত্ব দেওয়ার উদ্যোগ
সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর গত ২৮ জুলাই সেতারুজ্জামানের সই করা এক চিঠিতে জানানো হয়েছে, তিনি আবার শিশু উন্নয়ন কেন্দ্রেই দায়িত্ব গ্রহণ করলেন। নাম প্রকাশ না করার শর্তে সমাজসেবা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সেতারুজ্জামানকে সাময়িক বরখাস্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবার একই প্রতিষ্ঠানে নিয়োগের প্রক্রিয়ায় মন্ত্রণালয় ও অধিদপ্তরে কর্মরতদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
গত বছরের ৩০ অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের এক চিঠিতে মোহাম্মদ বোরহান উদ্দিনকে আয়ন-ব্যয়নসহ ওই শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি গত ৩১ অক্টোবর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
বোরহান উদ্দিন ১৯ আগস্ট মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সংবেদনশীল’ প্রতিষ্ঠানটিতে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
পরে গত ১৩ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সেতারুজ্জামানকে সমাজসেবা অধিদপ্তরে সহকারী পরিচালক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে বদলি করা হয়।
‘অব্যাহতির সিদ্ধান্ত যৌক্তিক হয়নি’
যে কর্মকর্তা সরেজমিন তদন্তের পর দ্রুত অন্য জায়গায় বদলি করে সেতারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন, সেই আয়েশা আক্তার অব্যাহতির সিদ্ধান্তে সন্তুষ্ট নন। আয়েশা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমি তদন্ত করে প্রতিবেদন দিয়েছি। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফয়সালা দিয়েছে। এ নিয়ে আমি আর কী বলব। অব্যাহতির সিদ্ধান্ত যৌক্তিক হয়নি, তা–ও বিভিন্ন সময় জানিয়েছি।’
পরিদর্শন প্রতিবেদনে সেতারুজ্জামানকে যত দ্রুত সম্ভব অন্য জায়গায় বদলি করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন আয়েশা আক্তার। মেয়েদের জন্য পরিচালিত এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথাও বলা হয়েছিল।
পরিদর্শন প্রতিবেদনে সেতারুজ্জামানকে যত দ্রুত সম্ভব অন্য জায়গায় বদলি করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন আয়েশা আক্তার। মেয়েদের জন্য পরিচালিত এ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথাও বলা হয়েছিল।
প্রতিবেদনে আয়েশা আক্তার উল্লেখ করেছেন, সেতারুজ্জামান তাঁকেও ‘বডি শেমিং’ করতে ছাড়েননি। সরেজমিনে গেলে নিবাসীরা তাঁর সম্পর্কে সেতারুজ্জামান যে বাজে কথা বলেছিলেন, তা তাঁকে জানিয়েছিল।
যে প্রতিষ্ঠানে নিরাপদে থাকার কথা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উন্নয়ন শাখা শিশু উন্নয়ন কেন্দ্রগুলো পরিচালনা করে। শিশু আইন, ২০১৩ অনুযায়ী, আইনের সঙ্গে সংঘর্ষে জড়িত বা আইনের সংস্পর্শে আসা শিশুদের উন্নয়ন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। গাজীপুরের কোনাবাড়ীর কেন্দ্রটি শুধু মেয়েদের জন্য। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে ১০ বছর থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী কিশোরীরা থাকে। ১৯ আগস্টের হিসাব অনুযায়ী, কেন্দ্রটিতে ১১৭ জন নিবাসী আছে।
প্রেমের সম্পর্ক, পরিবারের অমতে গোপনে বিয়ে কিংবা পারিবারিক কারণে নিরাপত্তাহীনতার মতো পরিস্থিতিতে আদালতের আদেশে কোনো কোনো কিশোরীকে এই কেন্দ্রে সুরক্ষার জন্য পাঠানো হয়। যেসব কিশোরী এখানে আসে, তাদের অনেকেই জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়ে আসে। তাদের জন্য এই প্রতিষ্ঠানের দায়িত্ব হওয়ার কথা নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করা।
কিন্তু পরিদর্শন প্রতিবেদনে যে অভিযোগগুলো উঠে এসেছে, তাতে সেই নিরাপত্তাব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠেছে।
হাউসপ্যারেন্ট পদেও অভিযোগ
শিশু উন্নয়ন কেন্দ্রে হাউসপ্যারেন্ট একটি গুরুত্বপূর্ণ পদ। পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, এই পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। ২০২০ সাল থেকে পদটি শূন্য ছিল। পরে আদালতের আদেশে ওই ব্যক্তিকেও কেন্দ্রটিতে পুনর্বহাল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিরাপদে থাকার এই প্রতিষ্ঠানে আবারও কিশোরীদের যৌন হয়রানি, হুমকি ও অনিয়মের অভিযোগ আসায় প্রশ্ন উঠেছে—নিরাপদে থাকার এই প্রতিষ্ঠানে অভিযোগকারী কিশোরীদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা হয়েছে?
অভিযোগ অস্বীকার
পরিদর্শন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেতারুজ্জামান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। সেতারুজ্জামান বলেছেন, গত বছরের ২৮ অক্টোবর অতিরিক্ত পরিচালক মো. শহীদুল ইসলাম কেন্দ্রটি পরিদর্শনে এলে কয়েকজন কর্মচারী গোপনে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। পরে ওই কর্মচারীদের সঙ্গে হাত মিলিয়ে নিবাসীরা তাঁকে আক্রমণ করে। তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।
সেতারুজ্জামান ১৯ আগস্ট মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি আর শিশু উন্নয়ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন না। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে হোয়াটসঅ্যাপে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তাঁর মা গুরুতর অসুস্থ। এরপর তিনি আর কোনো বক্তব্য দেননি।