প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাজে মন্তব্য করার ঘটনায় আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আবু বক্করকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)–৫। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করকে আটক করা হয়।

আবু বক্করের বাড়ি রাজশাহীর কচুয়াতৈল গ্রামে। বাবার নাম আয়নাল হক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রাজশাহী সফর করেন। তাঁর সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। এই পোস্টে বাজে মন্তব্য করেন আবু বক্কর। তাঁর পরিচয় শনাক্ত করতে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা পুলিশ, এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটিএসবি ও সিআরটি কাজ শুরু করে। পরিচয় শনাক্তের পর এসআরবির সদস্যরা তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বাবা জানান, আবু বক্কর তাঁর মামার বাড়িতে আছেন।

পরে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের একটি দল পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আবু বক্করের মামার বাড়িতে অভিযান চালায়। আবু বক্করকে আটক করা হয়।