দিনকালের প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান
দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সোমবার সংগঠনটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দৈনিক দিনকালে ডিআরইউর আটজন সদস্যসহ অনেক সাংবাদিক, কর্মকর্তা–কর্মচারী কর্মরত। পত্রিকার নিবন্ধন বাতিলের ফলে ঢাকাসহ সারা দেশে ১ হাজার ৫০০ সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে পড়বেন। স্ত্রী-সন্তান নিয়ে তাঁরা কীভাবে সংসার পরিচালনা করবেন, সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সেটা অবশ্যই ভাবতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আশা করে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দৈনিক দিনকাল কর্তৃপক্ষ আলাপ–আলোচনার মাধ্যমে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার বিষয়ে উদ্যোগী হবে। মানুষের রুটিরুজির বিষয়টি অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিরা মাথায় রাখবেন।
এদিকে দিনকালের প্রকাশনা বাতিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। সংগঠনটির আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।
এ দুই নেতা বলেন, দিনকালের মতো একটি দৈনিক পত্রিকা বন্ধ করে দিয়ে সরকার আবারও প্রমাণ করেছে তারা মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। অনতিবিলম্ব সরকারকে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায় সংগঠনটি।
গত ২৬ ডিসেম্বর দৈনিক দিনকালের নিবন্ধন ও পত্রিকা মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করেন ঢাকা জেলা প্রশাসক। পরে পত্রিকাটির পক্ষ থেকে জেলা প্রশাসকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আবেদন করা হয়। রোববার প্রেস কাউন্সিল পত্রিকাটির আপিল খারিজ করে দিয়েছে। এতে পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে।