রূপগঞ্জে দুই পক্ষের মধ্যে গোলাগুলি আহত ১

গোলাগুলি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরফা বাজারে মঙ্গলবার বিকেলে স্থানীয় দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলাকালে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিল্লাল হোসেন বরফা বাজারে হোটেল প্রিন্স নামে একটি রেস্তোরাঁর বাবুর্চি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হোটেল প্রিন্সের মালিক নাদিম সাউদ উপস্থিত সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় বিল্লাল রেস্তোরাঁর ভেতরেই ছিলেন। হঠাৎ একটি গুলি বিল্লালের কোমরের বাঁ পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মো. বাচ্চু মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, রূপগঞ্জ থেকে গুলিবিদ্ধ হয়ে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টির খোঁজ নিচ্ছেন।