সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে করা মামলায় বেসরকারি সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
একই মামলায় অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, মামলায় আদালতে হাজির হওয়ার সমন উপেক্ষা করেন আসামিরা। আজ আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপর তিন আসামি (রাফিদ কাদের, মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরী) জামিন পেয়েছেন।
আইনজীবী সূত্রে জানা যায়, রাজধানীর কলাবাগান থানার এই মামলার বাদী মোবারক হোসেন। মামলায় আহমেদ জোবায়েরসহ ছয় আসামিকে গতকাল বুধবার হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু আসামিরা হাজির হননি। এ কারণে আসামিদের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আহমেদ জোবায়েরসহ চার আসামি আজ আদালতে আত্মসমর্পণ করেন। আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্য তিন আসামিকে জামিন দেন। মামলার বাকি দুই আসামি পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।