তিস্তাকে পাশে সরিয়ে অন্য চুক্তি এগোবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিনাক রঞ্জন চক্রবর্তী

যৌথ বিবৃতিতে কোনো পারমাণবিক বোমা নেই। এতে বেশ কিছু নতুন উপাদান আছে, যা নিয়ে দুই দেশ আলোচনা করে সম্পর্ক এগিয়ে নেবে। এ ধরনের যৌথ বিবৃতির সঙ্গে আমরা পরিচিত।

আমি মনে করি, এখন কী কী করতে হবে, সেই কাজের দিকটা দেখতে হবে। আমি অনেক যৌথ বিবৃতি দেখেছি, তবে এটি বেশ ইতিবাচক ও ভবিষ্যৎমুখী।

পানির ব্যাপারে কুশিয়ারা নদী নিয়ে চুক্তি বেশ ইতিবাচক। তিস্তা নিয়ে আমরা আটকে গেছি। ওটা তো হিমাগারে চলে গেছে। এখন যৌথ নদী কমিশনকে (জেআরসি) বলা হয়েছে, তিস্তাকে পাশে সরিয়ে রেখে এখন অন্য নদীর পানি ভাগাভাগি করতে হবে। শুধু তিস্তা নিয়ে কথা বলে যাব, অন্য কিছু হবে না, তা তো হতে পারে না।

আরও পড়ুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটা সমস্যা রয়েছে। ভারতে পণ্যের যে সরবরাহ আছে, সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। ভারতের যেকোনো সরকার পণ্যে ঘাটতি দেখা দিলে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে। তাতে বাংলাদেশের ওপর স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে। পেঁয়াজে ঘাটতি হলো তো রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এল। ভারত থেকে প্রচুর খাদ্যপণ্য যায় বাংলাদেশে। বাংলাদেশ দাবি করেছে যে ভারতের নীতি যা–ই হোক না কেন, চাহিদাটা যেন পূরণ করা হয়। আমার ধারণা, এখানে ছাড় দিয়ে বাংলাদেশের অনুরোধ হয়তো রাখা হবে।

জ্বালানির ক্ষেত্রে মনে হচ্ছে আসামের রুমালিগড়ে যে তেলের পাইপলাইন হচ্ছে, সেটা ভারত দ্রুত শেষ করবে। ওখান থেকেই ডিজেল, পেট্রলসহ সব ধরনের জ্বালানি ভালোভাবে সরবরাহ নিশ্চিত হতে পারে।

সংযুক্তিতে অনেক অগ্রগতি হয়েছে। এখন তো সব ধরনের সংযুক্তি আছে। রেলসংযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের বন্দরের মধ্যে সংযুক্তিটা গুরুত্বপূর্ণ।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ দমনে দুই দেশের প্রধানমন্ত্রীদের জোরালো অঙ্গীকারের প্রতিফলন যৌথ বিবৃতিতে দেখতে পাই। এ ক্ষেত্রে আরও কাজ করা দরকার। দুই দেশের আরও জোরালো অঙ্গীকার দরকার। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের ধাক্কা দুই দেশকেই সামাল দিতে হয়েছে।

বিশেষ করে ধর্মীয় জঙ্গিবাদের যে বিস্তার, সেটা আমরা দেখেছি। সন্ত্রাসবাদ দমনের জন্য গোয়েন্দা তথ্য বিনিময় হচ্ছে। এর সুফল আমরা পাচ্ছি। এই শক্তিগুলো যেহেতু দুই দেশের শত্রু, আমাদের একসঙ্গে তাদের মোকাবিলা করতে হবে।

পিনাক রঞ্জন চক্রবর্তী, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার