‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে কাজী নজরুলের সৃষ্টি নিয়ে আয়োজন

ছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ রচনার শতবর্ষ উপলক্ষে কবির কবিতা, গান, প্রবন্ধ, চিঠি, অভিভাষণ ও কথামালা নিয়ে ‘বৈচিত্র্যে বৈভবে বিদ্রোহে বাঙালির নজরুল’ আলেখ্যানুষ্ঠান হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে যূথবদ্ধ আবৃত্তি প্রয়াস মঞ্জুভাষ-এ আয়োজন করেছিল।

অনুষ্ঠানে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাসহ মানবতাবাদ, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবিতা আবৃত্তি করেন আহসান দীপু, রুবাইয়া খান পাপড়ি, মাসুদুজ্জামান, সৈয়দ ফয়সল আহমদ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, শিরিন ইসলাম, মনোয়ার মাহমুদ জুয়েল, ইমরুন নাহার ইমু, মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন ও অমিয়া অমানিতা। নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকে ঘিরে কথামালা উপস্থাপন করেন আপন আহসান ও তানজিনা তমা। নজরুলের গান পরিবেশন করেন বিজন কুমার মিস্ত্রী ও তানজিনা করিম স্বরলিপি।

‘কাণ্ডারী হুঁশিয়ার’ বা ‘দুর্গমগিরি কান্তার মরু’ গানের সঙ্গে নৃত্যনন্দনের নৃত্য পরিবেশনার পরিচালনায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ম্প্রভা।

প্রাবন্ধিক মফিদুল হকের পরামর্শ ও নির্দেশনায় অনুষ্ঠানের পাণ্ডুলিপি রচনা ও গ্রন্থনা করেন আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ। অনুষ্ঠানের আলোক পরিকল্পনায় ছিলেন লাইট ডিজাইনার জিল্লুর রহমান।

মঞ্জুভাষের নির্বাহী প্রধান নায়লা তারান্নুম চৌধুরী কাকলি বলেন, ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নজরুলের বহুমাত্রিক সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি।