সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন নথিভুক্ত

সালমান শাহফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন আজ মঙ্গলবার নথিভুক্ত করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আবেদনটি করেছিলেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম।

আজ শুনানির পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে বলেন, আদালত আবেদনটি নথিভুক্ত করেছেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই তারিখ ধার্য করেছেন। 

অবশ্য এর আগে মামলার বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম প্রথম আলোকে বলেছিলেন, দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। 

একই কথা বলেছিলেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। 

এখন আবেদনটি নথিভুক্ত হওয়ার তথ্য সামনে আসার পর আলমগীর কুমকুম প্রথম আলোকে বলেন, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজ কানে শুনেছিলেন, তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। কিন্তু এখন হঠাৎ করে শুনছেন, আবেদন নথিভুক্ত করা হয়েছে। 

এ বিষয়ে ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আদালতের মুন্সি আদেশটি বলতে ভুল করেছেন।’ 

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। দীর্ঘ ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।