উড়োজাহাজে উড়োজাহাজে ধাক্কার দায় নিতে হবে দায়িত্বে থাকা সবাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই উড়োজাহাজের ধাক্কার ঘটনার দায় ওই সময়ে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের সবাইকে বহন করতে হবে। এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই কথা বলেন।

বাসস জানায়, গত ২৬ জুন রাত ৯টায় শাহজালালে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজকে হ্যাঙ্গারে প্রবেশ করানোর সময় সেখানে পার্ক করে থাকা বোয়িং ৭৩৭ উড়োজাহাজের একটি পাখা এবং পাখার নিচের অংশে আঘাত লাগে। এতে ৭৩৭ উড়োজাহাজের বাঁ পাশের ডানা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ড্রিমলাইনার উড়োজাহাজটির ডান পাশের ডানা ক্ষতিগ্রস্ত হয়।

আজকের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এখন থেকে এটি নির্ধারণ করে দিতে হবে। দুটি বিমান ধাক্কা লাগল, বিমান তো একা একা ধাক্কা লাগতে পারে না, এখানে তো অনেকেই দায়িত্ব পালন করেন। সুতরাং এ বিষয়ে প্রতিটি কাজের দায়দায়িত্ব নির্ধারণ করতে হবে। ওই সময়ে ওই কাজে যাঁরা সম্পর্কিত থাকবেন, সবাইকে এটির জন্য দায়দায়িত্ব বহন করতে হবে। কীভাবে ক্ষতিপূরণ আদায় করতে হবে, এটি বের করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন, ওই দিন ধাক্কা খেল—যাঁরা যাঁরা জড়িত— একজন-দুজন তো আর জড়িত নন। একজন পুশ করেন, আরেকজন পাইলট থাকেন, গার্ড থাকেন, ছাড়পত্র দেন, ট্রাফিকে যাঁরা থাকেন, তাঁদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।