কক্সবাজারে অস্ত্রসহ ‘আরসা নেতা’ গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে একটি রিভলবারসহ মোহাম্মদ ইউনুস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, তিনি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) অর্থ সম্পাদক। এ ছাড়া তিনি কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গাদের গড়ে তোলা মক্তব-মাদ্রাসার শিক্ষকদের সংগঠন (একাংশ) ওলামা কাউন্সিলের কমান্ডারের পদে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় তাঁকে গ্রেপ্তার করা হলেও আজ শুক্রবার বিকেলে র্যাবের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
গ্রেপ্তার ইউনুসের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে। তিনি উখিয়ার থায়ংখালী তাজনিমার খোলা আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৯) সি-১৩ ব্লকে বসবাস করে আসছিলেন।
গ্রেপ্তার ইউনুসের বরাত দিয়ে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আরসাতে বর্তমানে প্রায় ২৫০ জন সদস্য রয়েছে। ২০১৬ সালে মিয়ানমারের তারাশুখ থানায় আক্রমণ করে ৭০টি একে-৪৭ রাইফেল লুট করেছিল আরসা। আরসা সদস্যরা অস্ত্রগুলো উখিয়ার আশ্রয়শিবিরে নিয়ে আসার পর ক্যাম্প-৬–এর সমিউদ্দিন ও ক্যাম্প-১৭–এর হোসেন নামের দুই রোহিঙ্গার কাছে জমা রাখে। পরে অস্ত্রগুলো দলের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়।
র্যাব-১৫–এর সহকারী পরিচালক মো. আবদুস সালাম চৌধুরী বলেন, ইউনুসের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, পুলিশের ওপর হামলা, আশ্রয়শিবিরে অগ্নিসংযোগসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, আরসা সদস্যদের কাছে ২০টি এলজিসহ ও বিপুল পরিমাণ হাতবোমা রয়েছে। আজ দুপুরে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করে নতুন মামলা করা হয়েছে।
র্যাব জানায়, ইউনুস মিয়ানমারে অবস্থানকালে মংডু টাউনশিপের মেরুল্লা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ২০১৬ সালে তিনি আরসার কমান্ডার মাওলানা আরিফুল্লাহর মাধ্যমে আরসাতে যোগ দেন। আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনি, সেকেন্ড ইন কমান্ড ওস্তাদ খালেদের সঙ্গে যোগাযোগ রেখে তিনি আশ্রয়শিবিরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। আশ্রয়শিবিরের রোহিঙ্গা শিক্ষক, নেতাসহ (মাঝি) সাধারণ রোহিঙ্গাদের আরসায় যোগ দিতে বাধ্য করে আসছেন তিনি।