নভেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল: ওবায়দুল কাদের

সচিবালয়ে আজ ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগ চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদেরছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোরেল আগামী নভেম্বরের মধ্যে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কাজ প্রায় শেষ। এখন প্রস্তুতিপর্ব চলছে।

এ ছাড়া আগামী জুন মাসে এক দিনে ১০০টি সেতু উদ্বোধন করার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। আর নভেম্বরের মধ্যে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগ চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গত ৩১ মার্চ উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের সব স্টেশন চালু হয়। ওই সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, এ রুটে আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে মেট্রোরেল। অন্যদিকে আগামী ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর চেষ্টা চলছে।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। এরপর ধাপে ধাপে কয়েকটি স্টেশনে যাত্রী ওঠানামা চালু করা হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

সচিবালয়ে আজকের অনুষ্ঠানে জাতীয় নির্বাচন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচন, বিএনপির অভিযোগ, ঈদুল ফিতরে যানজটে মানুষের দুর্ভোগের আশঙ্কা ইত্যাদি বিষয়েও কথা বলেছেন ওবায়দুল কাদের।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হোক, আওয়ামী লীগ এমনটাই চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপি আসুক, আমরা তা-ই চাই।’

আগামী সংসদ নির্বাচন স্বতঃস্ফূর্ত হোক, আওয়ামী লীগ তা আশা করে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ যেকোনো রাজনৈতিক দলের অধিকার। এটা কারও কৃপা নয়, দয়া নয়, করুণা নয়। এটা বিএনপির অধিকার। আমরা একটি প্রতিযোগিতামূলক নির্বাচন আশা করি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একজন ভিআইপি রাস্তায় একটু জটলা দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি উল্টো পাশ দিয়ে যাওয়া শুরু করেন। তখনই যানজট তৈরি হয়। তবে অন্যবারের তুলনায় এবার গাজীপুর এলাকায় দুর্ভোগ কম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগ দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, বিএনপির এ অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিতে দেশ পরিচালনা করছি। ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, লন্ডনের দিকে তাকান। তাদের চেয়ে আমরা ভালো আছি। পাকিস্তানে ৩২ শতাংশ মূল্যস্ফীতি। শ্রীলঙ্কায় না খাওয়া মানুষ রাস্তায় শুয়ে থাকে। আমাদের দেশে অভাব আছে। সমস্যা আছে। থাকবে। তবে অন্যদের তুলনায় পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছি।’

আসন্ন ঈদে যানজটে ঘরমুখী মানুষের ভোগান্তির আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে যানজট মোকাবিলা করা আমাদের জন্য চ্যালেঞ্জ। প্রচুর রাস্তা হয়েছে। রাস্তায় যানজট হবে শৃঙ্খলা সংকটের কারণে।’

‘একজন ভিআইপি রাস্তায় একটু জটলা দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি উল্টো পাশ দিয়ে যাওয়া শুরু করেন। তখনই যানজট তৈরি হয়’, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে অন্যবারের তুলনায় এবার গাজীপুর এলাকায় দুর্ভোগ কম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রশ্নে এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। বিএনপি আসবে কি না, সেটা তাদের বিষয়।’

আগামী নভেম্বর মাসে ঢাকা শহরে বিআরটিসির ১০০টি ডাবল ডেকার এসি বাস চালু করা হবে। এর মধ্যে ঢাকায় ৮০টি, চট্টগ্রাম শহরে ২০টি চালু করা হবে। পরে অন্য বিভাগীয় শহরে চালু হবে। এ ছাড়া আগামী জুনে পদ্মা সেতুর ঋণের দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি টাকা পরিশোধ করা হবে বলে জানান সেতুমন্ত্রী।

আরও পড়ুন