যুক্তরাষ্ট্রে প্রচলিত প্রাইভেসি আইন ও ফ্রিডম অব স্পিচ অ্যান্ড মিডিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কষ্টে আছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের থেকে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ভারতে জি-২০ সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী ১ থেকে ৩ মার্চ ভারত সফর করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপের সূত্র ধরে আব্দুল মোমেন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেছেন, ‘আমার দেশে আমি অনেক কষ্টে আছি। আপনি তো অনেক ভালো আছেন। আমার দেশে প্রাইভেসি আইন, ফ্রিডম অব স্পিচ অ্যান্ড মিডিয়া—এগুলোর জ্বালায় আমি বড় কষ্টে আছি। আপনার থেকে বেশি কষ্টে আমি আছি।’
ভারত সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক করেন আব্দুল মোমেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমার পাশে বসেছিলেন এবং অনেকক্ষণ আলাপ করেছেন। আমাদের মতো দেশগুলোর সমস্যা, তাদের দেশের সমস্যা—এগুলো নিয়ে আলাপ হয়েছে। এটি অত্যন্ত গঠনমূলক আলাপ। তাদের উপলব্ধি খারাপ নয়। কিন্তু তারপরও বিভিন্ন লোক নানা উসকানিমূলক আচরণ করে। কিন্তু আমার মনে হয়, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পেরেছি।’
নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় আলাপ হলেও র্যাব ও এর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তাঁদের মধ্যে কোনো আলোচনা হয়নি।
কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আলোচনা হয়েছে, আমরা যে উন্নয়ন করেছি, সেটিতে তাঁরা আরও সম্পৃক্ত হতে চান। তাঁরা বলেছেন, তাঁদের দেশেও লোক মারা যায়, পুলিশ মেরে ফেলে এবং তোমাদের দেশেও হয়। কিন্তু সেগুলো সরকার করে না এবং আমার দেশেও সরকার করে না। এগুলো নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে।’