সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলার রায় ৫ এপ্রিল
চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণার জন্য ৫ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত।
ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার আজ বুধবার এই তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের দায়িত্বপ্রাপ্ত বেঞ্চ সহকারী পলি আক্তার ও মামলার বাদী খলিলুর রহমানের আইনজীবী মো. আতাউর রহমান।
মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। মামলার বাদী খলিলুর রহমানের আইনজীবী আতাউর রহমান বলেন, আদালত আজ এই মামলায় অভিযোগ গঠন করেন। পরবর্তী সময় আসামিপক্ষ আদালতকে জানায়, বাদীপক্ষের সঙ্গে স্থানীয়ভাবে আপস-মীমাংসা হয়েছে। এরপর আদালত বাদীকে বলেন, তিনি চাইলে সাক্ষ্য দিতে পারেন। বাদী সাক্ষ্যে বলেন, এই মামলায় আসামিকে অব্যাহতি দিলে তাঁর আপত্তি নেই। এরপর আদালত ৫ এপ্রিল রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেন।