সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান
আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, ‘বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণসমাজের ভূমিকা ছিল অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।’
আজ শনিবার ঢাকার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে এক অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ কথা বলেন। টিআইবি আয়োজিত ‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’–এর ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইফতেখারুজ্জামান। সেখানে তিনি বক্তব্য দেন।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বিতর্কের মূল্যবোধ আর টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে বিতর্কের মূল্যবোধের সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিতর্কের উত্তম চর্চাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই আয়োজন। বিতর্কে সবাই জয়ী হয়। এই প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত যাঁরাই অংশগ্রহণ করেছেন, মূলত তাঁরা সবাই জয়ী হয়েছেন। নতুন বিষয় সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি তাঁরা প্রত্যেকেই অনেক ভালো চর্চা নিয়ে যাচ্ছেন। এই অর্জন অসাধারণ। প্রতিযোগিতার পুরো সময়টিতে তাঁরা যেভাবে বিতর্কের মূল্যবোধকে ধারণ করেছেন, একইভাবে বাস্তবজীবনে দুর্নীতিবিরোধী চেতনাকে ধারণ করবেন, সেই প্রত্যাশা করছি।’
টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ সময় বক্তব্য দেন।
চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রানার্সআপ ঢাকা কলেজ
সাভারে এবার আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চতুর্থ আসর বসেছিল। গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত এই আবাসিক বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের ৩২টি বিতর্ক দল অংশ নিয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আর রানার্সআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি।
এ বছরের প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এম এরফান খান। ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন একই শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ণব মিত্র। বিজয়ী দলের অন্য সদস্য হলেন সানজিদা মেহেনাজ তাসনিম। অন্যদিকে রানার্সআপ ঢাকা কলেজের দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান।
চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্সআপ দলকে ৩০ হাজার, সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতার সেরা আটটি দল পরবর্তী আয়োজনে নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে বলে টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।