গরমে চাই স্বস্তির এসি
মাঝেমধ্যে হালকা বৃষ্টি কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিলেও চৈত্রের বাতাসে ভ্যাপসা গরম ঠিকই অনুভূত হচ্ছে। এ সময় প্রশান্তি এনে দেবে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। সাধারণত গ্রীষ্মকালে মাত্রাতিরিক্ত গরম থেকে বাঁচতে এসি কিনে থাকেন সবাই। বাজার ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তির উন্নত মানের এসি রয়েছে। ব্র্যান্ডভেদে রয়েছে দামের পার্থক্য। ভিন্নতা রয়েছে ওয়ারেন্টির ক্ষেত্রেও। আবার কোনো কোনো ব্র্যান্ডের এসিতে আছে বিশেষ মূল্যছাড়। ভিন্নতা রয়েছে আয়তন ও নকশার ক্ষেত্রেও। একেক ধরনের এসিতে মিলবে একেক ধরনের সুবিধা। সব জেনে-বুঝে বেছে তারপর কিনুন আপনার পছন্দমতো এসি।
কোন ঘরে কেমন এসি
বাড়ির ধরন ও ঘরের সাইজ বুঝে এসি কিনতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ইনভার্টার এবং নন–ইনভার্টার এসি পাওয়া যায়। এগুলোর মধ্যে অন্যতম হলো ডিজিটাল ইনভার্টার এসি। এই এসিগুলো দ্রুত ঠান্ডা করে, কম বিদ্যুৎ খরচ করে, কিন্তু অধিক শক্তিশালী। কম্প্রেসর, কন্ট্রোলার ও কনডেনসার প্রটেক্টর রয়েছে এসব এসিতে।
প্রয়োজন ও ব্যবহারের ওপর নির্ভর করে বেছে নিতে হবে এসি। ঘরের মাপ অনুযায়ী কত টনের এসি প্রয়োজন, তার একটি পরিমাপ রয়েছে। কোনো বিশ্বস্ত ব্র্যান্ডের শোরুমে গিয়ে কথা বললে তারাই বলে দেবে কোন মাপের এসি আপনার চাহিদা পূরণ করবে।
এসির সুরক্ষা ও পরিচর্যায় করণীয়
বিদ্যুতের ভোল্টেজের ওঠানামা এসির কম্প্রেসরের জন্য খুবই ক্ষতিকর। আপনার বাসার বিদ্যুতের লাইনটি ঠিক আছে কি না, সেদিকে সতর্ক নজরদারি করতে হবে। ভোল্টেজ ওঠানামা করলে অবশ্যই এসি বন্ধ রাখতে হবে। গরমের শুরুতে এসি চালানোর আগে সার্ভিসিং করিয়ে নিতে হবে। এসিতে যাতে ধুলাময়লা না জমে, এ জন্য নিয়মিত এসির ভেতর–বাহির পরিষ্কার করতে হবে। এসির সুইচ/কানেকশন লুজ কন্টাক্ট আছে কি না, তা নিয়মিত চেক করে নিতে হবে। দক্ষ লোকের মাধ্যমে সঠিকভাবে বাসায় এসি স্থাপন করা উচিত। এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে, যেন সঠিকভাবে বাতাস বের হতে পারে এবং এসিটি সঠিকভাবে সর্বোচ্চ পর্যায়ে ঘর ঠান্ডা করতে পারে। ইনডোর ও আউটডোর ইউনিটের সামনে পর্যাপ্ত খালি জায়গা রাখতে হবে, যাতে এসি পরিপূর্ণভাবে চলতে পারে।
বিক্রয়োত্তর সেবা ও অন্যান্য সুবিধা
বিক্রয়োত্তর সেবা যেকোনো হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তাই এসি কেনার আগে সেই ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবা কতটা ভালো, সে বিষয়ে খোঁজখবর নেওয়া উত্তম। এ বিষয়ে বাটারফ্লাইয়ের সেলস ডিরেক্টর মকবুল্লে হুদা চৌধুরী বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ও মান বজায় রাখার ব্যাপারে বাটারফ্লাই দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের এসি ক্রয়ে একজন গ্রাহক শুধু পণ্য কেনেন না, বরং আমরা তাঁকে সর্বোৎকৃষ্ট বিক্রয়-পরবর্তী সেবা দিয়ে থাকি। এতে এসি কিনে আমাদের গ্রাহককে কোনো ভোগান্তি পোহাতে হয় না।’ তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমাদের এসিতে রয়েছে বেশ কয়েকটি মডেল, যেগুলো থেকে সহজেই ক্রেতারা বিভিন্ন সুবিধাজনক পেমেন্ট পদ্ধতিতে পছন্দের এসি কিনতে পারবেন। আছে কিস্তির সুবিধা, ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩৬ মাসের কিস্তি, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্রয়ের পদ্ধতি ও এক্সচেঞ্জ অফার। তা ছাড়া আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বাটারফ্লাই দিচ্ছে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।’