সাবেক এসপি বাবুলের জামিন প্রশ্নে রুল শুনানি শুরু
স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার শুনানি গ্রহণ করেন। ১২ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ রেখেছেন আদালত।
ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে গত ৬ মার্চ আবেদন করেন বাবুল আক্তার। শুনানি নিয়ে ১৪ মার্চ আদালত রুল দেন। বাবুল আক্তারকে কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শুরু হয়েছে। পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর বেলা দুইটায়।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘মিতু হত্যায় বাবুলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। ঘটনার পর রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে তাঁকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হলেও এর সপক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ নেই বলে শুনানিতে বলেছি।’
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরীর জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। তখন তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই দিনই মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। সেদিনই বাবুল আক্তারকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
বাবুল ও শ্বশুরের করা দুটি মামলা তদন্ত করে পিবিআই। শ্বশুরের মামলায় চলতি বছরের ২৫ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। এই প্রতিবেদন গ্রহণ করে বাবুল আক্তারকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে বাবুল আক্তারের করা মামলায় চলতি বছরের ৯ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় গত ১৩ সেপ্টেম্বর পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র গত ১০ অক্টোবর গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাবুল আক্তার বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন।