সরকার ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে: বাম জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় বাম গণতান্ত্রিক জোট নিন্দা জানিয়েছে। আজ বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিশোধের সভায় পুলিশি হামলার নিন্দা জানানো হয়।

আজ বেলা তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন।

বাম জোটের নেতারা বলেছেন, সভা-সমাবেশ করা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। বর্তমান আওয়ামী লীগ সরকার এ অধিকার হরণ করে স্বৈরাচারী, ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে। গণতান্ত্রিক অধিকার রাখায় সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা ও গণতান্ত্রিক অধিকার হরণ করার অপচেষ্টা রুখে দাঁড়ানোর আহ্বান জানায় বাম জোট।

সভায় বাম নেতারা বলেন, সমাজে বৈষম্য বেড়ে চলেছে। এর বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ দাবিতে সংগঠিত হয়ে দুঃশাসনের অবসানে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।

বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেদা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হকসহ প্রমুখ।

সিপিবি এক পৃথক বিবৃতি নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের হামলার নিন্দা জানিয়ে বলেছে, সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকার হরণ করে, স্বৈরাচারী কায়দায় হামলা-মামলা, নির্যাতন, নিপীড়ন করে ক্ষমতায় থাকা যায় না। বর্তমান অবস্থার অবসানে গণতান্ত্রিক অধিকার রক্ষায় ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীন নির্বাচনসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।

জাতীয় মুক্তি কাউন্সিলের ক্ষোভ

বিএনপি ও পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিল। দলের সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা, যা বানচাল করতেই যে পুলিশের এ হামলা, তা বোঝা কঠিন নয়। পুলিশের প্রত্যক্ষ মদদে লাঠিসোঁটা সজ্জিত আওয়ামী লীগের হেলমেট গুন্ডাবাহিনী কর্তৃক বিএনপির কার্যালয়ে হামলা দেশে গুন্ডাতন্ত্র কায়েমের আরেক দৃষ্টান্ত।