একজন আলামিনের গল্প
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
নতুন কর্মক্ষেত্রের চাকচিক্য, পরিপাটি পরিবেশ আর আন্তরিক সহকর্মীদের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার এই যে প্রতিদিনের সংগ্রাম, তা বেশ গুছিয়েই এগোচ্ছে। বাংলাদেশের অন্যতম সেরা গণমাধ্যমে কাজের সুযোগ পাওয়া ক্যারিয়ারের জন্য বড় এক প্রাপ্তি। মানবসম্পদ বিভাগে কাজ করার সুবাদে শত শত মানুষের সুবিধা-অসুবিধা আর মনস্তত্ত্বের মুখোমুখি হতে হয়। কত অদ্ভুত, কত রকম মানুষ যে দেখেছি, তার শেষ নেই! পদবি, সামাজিক মর্যাদা কিংবা বেতনের স্কেলে যাঁরা অনেক উঁচুতে, তাঁদের অনেকের মনই শেষ পর্যন্ত খুব সাধারণ মনে হয়েছে। আবার বিপরীত চিত্রও দেখেছি।
নতুন অফিসে যখন নিজের কাজের টেবিলে বসে চায়ের কাপে চুমুক দিই, তখন হঠাৎ করেই অতীতের কিছু স্মৃতি এসে মনকে আচ্ছন্ন করে ফেলে। পুরোনো কর্মস্থলের অনেক কিছুর মধ্যে যে মানুষের চেহারা আমার চোখের সামনে সবচেয়ে বেশি ভেসে ওঠে, সে অফিস সহকারী, আলামিন।
আলামিন ছিল নীরব, বিনয়ী ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী যুবক। বনানীর সেই পুরোনো অফিসে তার কাজ ছিল ফাইলপত্র সামলানো, সবাইকে চা-পানি দেওয়া আর এইচআর ও অ্যাডমিনের ছোটখাটো নির্দেশনাগুলো পালন করা। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ট্রেন বা বাসে চেপে ধাক্কাধাক্কি করে সে বনানীতে অফিসে আসত। এইচআরে থাকার কারণে তার বেতনের ফাইলটা দেখার সুযোগ আমার হয়েছিল। যে সামান্য টাকা সে মাস শেষে হাতে পেত, তা দিয়ে এই অগ্নিমূল্যের বাজারে সংসার চালানো রীতিমতো অলৌকিক বিষয়। বাড়িতে বৃদ্ধ মা–বাবার ওষুধের খরচ, ছোট্ট একটা দুধের শিশুর লালনপালন, সংসার খরচ, সব মিলিয়ে মাস শেষে আলামিনের টানাপোড়েনের শেষ ছিল না। কিন্তু এত অভাব-অনটনের মধ্যেও আলামিন কখনোই তার সততা থেকে একচুল বিচ্যুত হয়নি।
আলামিনের সততার কথা বলতে গেলে একটা নির্দিষ্ট ঘটনার কথা খুব মনে পড়ে। একবার অফিসের একটা বড় ধরনের ইভেন্টের কেনাকাটার পর পেটি ক্যাশের নগদ প্রায় ১৫ হাজার টাকা ভুলবশত আমার টেবিলের ওপর কিছু অপ্রয়োজনীয় কাগজের সঙ্গে রয়ে গিয়েছিল। তাড়াহুড়া করে অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় আমি খেয়ালই করিনি। পরদিন সকালে অফিসে এসে দেখি, আমার টেবিলটা একদম পরিচ্ছন্ন আর পেটি ক্যাশের সেই টাকা আলামিন খুব যত্ন করে একটি খামের ভেতর পুরে আমার ড্রয়ারে রেখে দিয়ে চাবিটা আমার ল্যাপটপের ব্যাগের পাশে রেখে দিয়েছে। সে চাইলে খুব সহজেই টাকাটা সরিয়ে নিতে পারত; কারণ, সেদিন সে ছাড়া আর কেউ অফিসে শেষ মুহূর্তে ছিল না। অফিসে কোনো সিসিটিভি ক্যামেরার নজরদারিও ছিল না। তাকে জিজ্ঞাসা করতেই সে খুব সাধারণ গলায় বলেছিল, ‘স্যার, অভাব আমার ঘরে আছে ঠিকই, কিন্তু হকের বাইরের এক টাকাও আমার সন্তানের পেটে গেলে সেই পাপের হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারব না।’ তার এই সহজ-সরল কথাটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
তবে আলামিনের আসল রূপ, তার নিঃস্বার্থ ভালোবাসা ও মনুষ্যত্বের চূড়ান্ত পরিচয় আমি পেয়েছিলাম জীবনের এক ভয়াবহ সময়ে।
আমার বাবার সমতুল্য ছিলেন আমার বড় চাচা। পরম স্নেহে তিনি আমাকে ছোটবেলা থেকে আগলে রেখেছেন। সেই চাচা একদিন সন্ধ্যায় পান্থপথের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। ফোনে জানতে পেরে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তাঁকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসকেরা জরুরিভিত্তিতে অপারেশনের সিদ্ধান্ত নেন। সমস্যা হলো, দ্রুততম সময়ের মধ্যে ক্রসম্যাচ করে চাচার জন্য ‘ও পজিটিভ’ রক্তের ব্যবস্থা করা।
রাত যত বাড়তে লাগল, পরিস্থিতির তত অবনতি হতে লাগল। রাত তখন পৌনে একটা। চিকিৎসক এসে সাফ জানিয়ে দিলেন, ‘এক ঘণ্টার মধ্যে রক্তের ব্যবস্থা করতে না পারলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না।’
তখন আমার দিশাহারা অবস্থা। মোবাইলের কন্টাক্ট লিস্ট ধরে একের পর এক মানুষকে ফোন করা শুরু করলাম। বন্ধু, সহকর্মী, পরিচিত ব্লাড ডোনার গ্রুপ, কাউকে বাদ রাখিনি। কিন্তু গভীর রাত হওয়ায় অনেকে অপারগতা প্রকাশ করছিলেন এবং কেউ কেউ রক্ত দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। কেউ আবার ফোন ধরে ঘুমজড়ানো গলায় বললেন, সকালে হলে ব্যবস্থা করা যেত, এই গভীর রাতে বের হওয়া সম্ভব নয়। কেউ কেউ ফোনই ধরল না। এইচআর হিসেবে যার অর্জিত সম্পর্কের পরিধি ছিল এত বিশাল, সেই আমারই অসহায়ত্বের শেষ ছিল না তখন। রাত দুটো বেজে গেল, অথচ রক্তের কোনো সুরাহা করতে পারিনি।
ঠিক সেই মুহূর্তে কী ভেবে যেন, কোনো আশা না রেখেই, আলামিনকে একটা ফোন দিয়েছিলাম। ফোন ধরতেই আলামিনের কণ্ঠ শুনে বুঝলাম, সে ঘুমায়নি।
ঘটনা শুনে আলামিন একমুহূর্ত দেরি না করে বলল, ‘স্যার! আমার রক্তের গ্রুপ তো ও পজিটিভ! আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই আসছি।’
আমি ইতস্তত করে বললাম, আলামিন, রাত দুটো বাজে! এত রাতে নারায়ণগঞ্জ থেকে পান্থপথে কীভাবে আসবে? আর তোমার পরিবারই বা কী বলবে?
আলামিন আমাকে কথা শেষ করতে দিল না। সে বলল, ‘স্যার, আমার বাচ্চার আজ সন্ধ্যা থেকে ১০২ ডিগ্রি জ্বর। বউ একা ঘরে কপালে জলপট্টি দিচ্ছে। কিন্তু আপনার বড় চাচা তো এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে! আমি বাচ্চার মাথায় পট্টি বেঁধে বউকে বুঝিয়ে বের হচ্ছি।’
আমি হতবাক হয়ে বসে আছি আর ভাবছি, যার ঘরে ১০২ ডিগ্রি জ্বরে ছটফট করছে নিজের কোলের সন্তান, সেই মানুষ আমার বিপদে ছুটে আসার সিদ্ধান্ত নিল কোনো কিছু না ভেবে!
রাত আড়াইটার দিকে পান্থপথের সেই হাসপাতালের গেটে যখন একটা বাইক এসে থামল, দেখলাম, আলামিন হাঁপাচ্ছে। শীতে আর রাতের বাতাসে তার শরীর কাঁপছিল, কপালে উদ্বেগের ঘাম। নারায়ণগঞ্জ থেকে কোনো গণপরিবহন না পেয়ে সে এক পরিচিত লোকের বাইকে অতিরিক্ত ভাড়া দিয়ে এসেছে।
আমি শুধু বলেছিলাম, আলামিন, আমি জানি না তোমার এই ঋণ কীভাবে শোধ করব। আলামিন মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, ‘স্যার, সম্পর্কের হিসাব তো আর বেতন বা পদের স্কেলে হয় না। আপনি আমারে কত ভালোবাসেন, তা আমি জানি। মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে?’
রক্ত দেওয়ার পর চাচা সে রাতে সংকটমুক্ত হন। সকালে চিকিৎসক যখন বললেন, রোগী এখন বিপদমুক্ত, তখন আমার মনে হয়েছিল, আমার চাচা পুনর্জন্ম পেয়েছেন শুধু আলামিনের জন্য।
আজ নতুন অফিসে আমার সুন্দর ডেস্কে বসে ভাবি, আসল বড় মানুষ তো আলামিনের মতো মানুষেরা, যাঁদের কোনো দামি ডিগ্রি নেই, টাই-স্যুট নেই, চটকদার কথা বলার দক্ষতা নেই; কিন্তু আছে বিশাল হৃদয় আর খাঁটি সততা। নতুন কর্মক্ষেত্রের চমৎকার পরিবেশ আর সহকর্মীদের ভিড়েও তাই আলামিনের মতো ‘সাধারণ’ কিন্তু ‘মহৎ’ মানুষের স্মৃতি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থেকে গেছে।
* মোহাম্মদ সাব্বির আহমেদ: মানবসম্পদ বিভাগ, প্রথম আলো