কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা তুলে দিলেন স্পিকার
কাতারের বর্তমান আমিরের বাবা ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দোহার লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ শোকবার্তা তুলে দেন।
কাতারের বাংলাদেশ দূতাবাস আজ বুধবার নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক আমিরের মৃত্যুতে বর্তমান আমির ও শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আধুনিক কাতারের স্থপতি হিসেবে খ্যাত প্রয়াত আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ-কাতার সম্পর্ক সুদৃঢ় করতে তাঁর অনন্য অবদানের কথা স্পিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান উপস্থিত ছিলেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।
এর আগে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে গতকাল দুপুরে দোহায় পৌঁছান। দোহা সফরকালে আজ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন তিনি।