চুয়েটের প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে চুয়েটের প্রায় আড়াই হাজার প্রাক্তন শিক্ষার্থী পরিবারসহ অংশ নেন।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপাচার্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, আইইবির সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক প্রমুখ। চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি খান আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌমিত্র কুমার মুৎসুদ্দি।
অনুষ্ঠানে চলতি বছর একুশে পদকজয়ী বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চুয়েটের ২০০১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর কুমার দাশকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া চুয়েটের সাবেক শিক্ষার্থী এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ওয়াই এম বেলালুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুর হোসাইন হাওলাদার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নীরা মজুমদারসহ ১২ জন কৃতি প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।
এই আয়োজনে অংশ নিয়ে চুয়েটের সাবেক শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন, স্মৃতিচারণ করেন। চুয়েটের নবম ব্যাচের শিক্ষার্থী এরশাদুল হক বলেন, এবারের আয়োজন খুবই সুন্দর ছিল। যেন একঝাঁক প্রাণের সম্মেলন ঘটেছিল। চুয়েটের প্রথম ব্যাচ থেকে শুরু করে ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন।
চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি খান আতাউর রহমান প্রথম আলোকে বলেন, প্রতি বছরই এমন আয়োজন করার চেষ্টা করা হয়। এবারের এই আয়োজনে সবাই খুবই উপভোগ করেছে।
এই আয়োজনের শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।