অনিয়ম–অন্যায় যখন জেঁকে বসে তখন কোনো শৃঙ্খলা থাকে না: কক্সবাজারের জেলা জজকে হাইকোর্ট
কক্সবাজারের দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, অনিয়ম, অন্যায় ও অরাজকতা যখন জেঁকে বসে তখন কোনো শৃঙ্খলা থাকে না।…ওখানে তা–ই হয়েছে। পুরো বাংলাদেশ জানে। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের উদ্দেশে এসব কথা বলেন।
আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগে করা এক মামলায় আসামিদের জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে আজ আদালতে হাজির হন মোহাম্মদ ইসমাইল। শুনানির শেষ পর্যায়ে তিনি হাত জোড় করে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাঁর বক্তব্যসহ লিখিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনার বিষয়টি শুনানির শুরুতে হলফনামা আকারে দাখিল করেন তাঁর আইনজীবী। তবে যথাযথ না হওয়ায় তা ফেরত ও উত্থাপন না করার আরজি জানান দায়রা জজের আইনজীবী। আদালত তা মঞ্জুর করেননি। একপর্যায়ে নতুন করে আবেদন দেওয়ার কথা জানালে আদালত আগামীকাল পরবর্তী দিন রেখেছেন।
জামিন মঞ্জুর ‘অস্বাভাবিক’
ওই মামলায় কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আদেশ বাস্তবায়ন না হওয়া সত্ত্বেও একই দিন জেলা জজ আসামিদের জামিন দেন বলে শুনানিতে বলা হয়। এটি ‘অস্বাভাবিক’ উল্লেখ করে হাইকোর্ট দায়রা জজের উদ্দেশে বলেছেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছেন। আপনিও এই পদে ছিলেন। এখন জেলার সর্বোচ্চ পদে আছেন। অবশ্যই ফোরাম আছে, আপনার কাছে যাবে। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশ বাস্তবায়ন করে হাজতে যেতে হবে। আদেশ তো মানতে হবে। তা না হলে বিশৃঙ্খলা হবে।’
কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের ওই আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি নিয়ে গত ২১ জুন হাইকোর্টের একই বেঞ্চ ব্যাখ্যা জানাতে তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় তিনি আজ সকালে আদালতে হাজির হন। আর হাইকোর্টে ওই আবেদনটি করেন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। অন্যদিকে দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও মো. আবদুন নূর।
‘সম্মানজনক বিদায় চান বলে মনে হয় না’
নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ দায়রা জজের লিখিত বক্তব্য দাখিল করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ। শুনানিতে মোহাম্মদ ইসমাইল বলেন, ‘জামিনের জন্য সেরেস্তায় (খাসকামরা) আবেদন করেনি, আসামিদের আইনজীবী নিজেই হলফনামা করেছেন। বিকেল চারটায় আবেদন শুনেছেন।’ আদালত বলেন, ‘যেখানেই করুক, খণ্ডন করতে চাচ্ছেন? আপনার কোর্টের নাম লেখা রয়েছে। সকাল ১০টায় আবেদন প্রস্তুত করেছে।’ তখন দায়রা জজ বলেন, ‘ক্ষমা চাচ্ছি।’
একপর্যায়ে মোহাম্মদ ইসমাইল বলেন, জেলা আইনজীবী সমিতির নেতারা জামিন আবেদন নিয়ে এসে শুনানি করতে বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুনতে হয়। সাড়ে তিন বছরে এমন ৩–৪ বার শুনেছেন।
আদালত বলেন, ‘খণ্ডন করতে চাচ্ছেন?’ তখন মোহাম্মদ ইসমাইলের আইনজীবী সাঈদ আহমেদ বলেন, ‘নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাঁর সার্ভিস শেষের আর কয়েক দিন বাকি আছে, সম্মানজনক বিদায় যেন হয়।’
একপর্যায়ে আদালত বলেন, ‘যে কর্মকাণ্ড দেখছি, সম্মানজনক বিদায় চান বলে মনে হয় না। কলঙ্ক বিচার বিভাগের প্রতি। তাহলে কি জুডিশিয়ারিকে ভয় করে চলতে হবে? এভাবে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করতে পারবে না। আইনের বিধান মেনে চলতে হবে।’
শুনানিতে অংশ নিয়ে আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘উনি (মোহাম্মদ ইসমাইল) আদেশে দীর্ঘ হাজতবাসের কথা উল্লেখ করেছেন। অথচ একমুহূর্তও আসামিরা হাজতে ছিলেন না। এটি মিথ্যা। আদালতের সঙ্গে মিথ্যা বলেছেন।’ এ ঘটনা অনুসন্ধান এবং তাঁর দায়রা এখতিয়ার কেড়ে নেওয়ার আরজি জানান আলতাফ হোসেন। পাশাপাশি জামিন দেওয়াকে কেন্দ্র করে ইতিপূর্বে মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে হাইকোর্টের অপর একটি বেঞ্চের দেওয়া পর্যবেক্ষণসংক্রান্ত আদেশ আদালতে দাখিল করেন তিনি।
শুনানির এ পর্যায়ে দাখিল করা হলফনামা ফেরত নেওয়ার আরজি জানিয়ে নতুন করে দাখিলের কথা বলেন মোহাম্মদ ইসমাইলের অপর আইনজীবী আবদুন নূর। এ সময় মোহাম্মদ ইসমাইল বলেন, আদেশে দীর্ঘ হাজতবাস শব্দ নেই। প্রত্যায়িত অনুলিপি বের হলেও ছোট ওই ত্রুটি সংশোধন করা হয়েছে। প্রতিদিন এক শ আদেশ হয়। তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়।
‘এটা কি আপনার অদক্ষতা নয়’
এ সময় আদালত বলেন, ‘আপনি খণ্ডন করতে চাচ্ছেন। আদেশের নকল (প্রত্যায়িত অনুলিপি) সেরেস্তা থেকে বের হয়। ২ নম্বর নকল বের হলে এটি কি আপনার অদক্ষতা নয়? এ জন্য স্টেনোর বিরুদ্ধে আপনি কী পদক্ষেপ নিয়েছেন? স্টেনোর পেনড্রাইভ বাজারে ঘোরে। বাজার বসিয়েছেন—এ কথাও শোনা যায়।’ এ সময় মোহাম্মদ ইসমাইল হাত জোড় করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
একপর্যায়ে ব্যাখ্যাসহ দাখিল করা নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদনটি নট প্রেস (উত্থাপন না করার) হিসেবে বিবেচনার আরজি জানান মোহাম্মদ ইসমাইলের আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। আদালত বলেন, উন্মুক্ত আদালতে শুনানি হয়েছে। তখন নতুন করে আবেদন দেওয়ার কথা বলেন সাঈদ আহমেদ। পরে আদালত আগামীকাল পরবর্তী দিন রাখেন।
ঘটনার পূর্বাপর
আবেদনকারী পক্ষ জানায়, জমির দখল নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগে মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ভুট্টোসহ ৯ জনের বিরুদ্ধে খোদেস্তা বেগম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আদালতে নালিশি মামলা করেন। এ মামলায় আসামিরা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল হাইকোর্ট তাঁদের ছয় সপ্তাহের মধ্যে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতে গত ২১ মে আসামিরা দুপুর ১২টার দিকে আত্মসমর্পণ করে জামিন চান। সেদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৯ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদেশের কপি পাননি উল্লেখ করে সকাল ১০টার দিকে আদেশের বিরুদ্ধে আসামিরা জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে হলফনামাসহ আবেদন করেন। একই দিন কক্সবাজারের দায়রা জজ ৯ আসামির জামিন মঞ্জুর করেন। জেলা ও দায়রা জজ আদালতের এই আদেশের বিরুদ্ধে খোদেস্তা হাইকোর্টে আবেদন (ফৌজদারি রিভিশন) করেন।