আর্থিক-প্রশাসনিক স্বাধীনতা হারাচ্ছে পিপিপি কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগসহ কাজের ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষ স্বাধীনতা হারাচ্ছে। পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষমতাও সরকারের হাতে নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইনে সংশোধনী আনা হচ্ছে। এই সংশোধনী প্রস্তাব বিল আকারে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তোলা হয়েছে।

সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিলটি সংসদে তোলেন। পরে পরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে বিলটি পাঠানো হয়।

বিদ্যমান আইনের ৪ নম্বর ধারার ৩ উপধারায় বলা আছে, আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষ নিরপেক্ষ ও স্বাধীন হবে। কিন্তু সংশোধনীতে ‘স্বাধীন’ শব্দটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আইনে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষমতা বোর্ড অব গভর্নরসের হাতে রয়েছে। কিন্তু বিলে প্রস্তাব করা হয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করবে সরকার।

বিদ্যমান আইনে পিপিপি কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো অনুমোদনের ক্ষমতা বোর্ড অব গভর্নরসের হাতে রয়েছে। এটি পরিবর্তন করে এই ক্ষমতা সরকারের হাতে দেওয়ার কথা বলা হয়েছে বিলে।

সংসদে আরও বিল

এ ছাড়া ওষুধ ও কসমেটিকস বিল, চিড়িয়াখানা বিল, বাংলাদেশ বিমান আদেশের সংশোধনী বিল, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি-জামালপুর বিল আলাদা আলাদাভাবে জাতীয় সংসদে তোলা হয়। বিলগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।