‘সন্দেহজনক হাম’ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরছবি: ওয়েবসাইট থেকে

‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫৪টি শিশু। এর মধ্যে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব ৪ এপ্রিল সকাল আটটা থেকে ৫ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হামে যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৫ শিশুই কুষ্টিয়ার। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ২ ও রাজশাহীতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহভাজন হাম রোগী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৩২৯ জন) ও চট্টগ্রামে (১৯৫)। সবচেয়ে কম রংপুর (৩৭) ও সিলেটে (৪৬)।

হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৯৩ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২৮ ও চট্টগ্রাম বিভাগে ৯৫ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২২ দিনে হামে মোট ১৭ শিশু মারা গেছে। যদিও গত দুই সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৬১ বলে জানতে পেরেছে। অবশ্য স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২২ দিনে সন্দেহজনক হাম নিয়ে মৃত্যু হয়েছে ১১৩ শিশুর।

এ ছাড়া গত ২২ দিনে সন্দেহজনক হাম নিয়ে আসা ৭ হাজার ৬১০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৪৭০ জন। তাদের মধ্যে ৯২৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৩ হাজার ৩৮০ জন।