ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৬৯
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী এলাকার হাসপাতালে মারা গেছেন দুই জন। আর ঢাকার বাইরে তিনজন। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ১৭ জন মারা গেছেন। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬৩৯ জন।
আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ওই পাঁচজনের মৃত্যু ছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৬৬৭ রোগী। তাঁদের মধ্যে ঢাকায় ৭৫৬ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯১১ জন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন।