বিএনপি সহিসংতার দিকে যাবে না: আমীর খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পদযাত্রা শুরুর আগে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম, ১৯ জুলাই
ছবি: প্রথম আলো

দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি সহিংসতার দিকে যাবে না। যাদের (আওয়ামী লীগ) সঙ্গে জনতা নেই, তারাই কিছু পুলিশ ও ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচি শুরুর আগে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজ লাখ জনতা রাস্তায় নেমে শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজিয়েছে। এই পদযাত্রা সরকার পতনের বার্তা দিয়েছে জনগণ। এই ফ্যাসিস্ট সরকারকে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে পতন ঘটাতে হবে। কেউ আক্রমণ না করলে আমরা সহিংসতায় যাব না। বিএনপির আন্দোলন সুশৃঙ্খল হওয়ায় শেখ হাসিনা বিপদে আছেন।’

আওয়ামী লীগের কম্পন শুরু হয়েছে দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের ওপর হামলা করেছে। লক্ষ্মীপুরে আমাদের একজনকে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জ, ফেনী ও খাগড়াছড়িতে আক্রমণ চালিয়েছে, আক্রমণকারীদের পালিয়ে যেতে হয়েছে।’

সবাই সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে। ভোট চুরি করা পুলিশ, ডিসি (জেলা প্রশাসক) ও ইউএনওদের পোস্টিং করা হচ্ছে। যাদের পোস্টিং করার হচ্ছে, তারা তাদের (আওয়ামী লীগের) দলীয় মানুষ।’

পদযাত্রার আগে সমাবেশ বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মীর নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।