জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিবৃতি

বিবৃতিপ্রতীকী ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–হ্যান্ডলে এক পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাহিদা পারভীন ও সাধারণ সম্পাদক সুমনা সরকার।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, জামায়াতের এই অবস্থান কোনোভাবেই হঠাৎ বা বিচ্ছিন্ন ঘটনা কিংবা নতুন কিছু নয়। এটি তাদের দীর্ঘদিনের আদর্শিক অবস্থানেরই বহিঃপ্রকাশ। নারীকে অবমাননা করা, নারীর শ্রম ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা এবং পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে ধর্ম ও রাজনীতির মোড়কে প্রতিষ্ঠা করাই জামায়াতের রাজনীতির মূল ভিত্তি।’

বিবৃতিতে আরও বলা হয়, এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু কর্মজীবী নারীদের অপমান করেননি, বরং সমাজে বিদ্যমান নারী-নিপীড়নমূলক চিন্তাধারাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি যৌনকর্মীদেরও অমানবিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন, যারা নিজেরাও রাষ্ট্র ও সমাজের কাঠামোগত বৈষম্য ও শোষণের শিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র স্পষ্ট করে জানায়, কর্মজীবী নারী হোক বা যৌনকর্মে নিযুক্ত নারী—সবাই মানুষ। সবারই সম্মান, নিরাপত্তা ও অধিকার আছে। নারীদের পেশা দিয়ে বিচার করার অধিকার কারও নেই।

বিবৃতিতে জামায়াতের আমিরের ওই বক্তব্যের জন্য অবিলম্বে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে জামায়াতে ইসলামীর এ ধরনের নারীবিদ্বেষী রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে সব প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।