অত্যাবশ্যক পরিষেবা বিল শ্রমিকদের মৌলিক অধিকারের পরিপন্থী: টিইউসি
জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যক পরিষেবা বিল অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। সংগঠনটি বলছে, অত্যাবশ্যকীয় পরিষেবা খাতে ধর্মঘট বন্ধের সরকারি পদক্ষেপ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী।
টিইউসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর পুরানা পল্টনের মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে টিইউসির কেন্দ্রীয় কমিটির সভায় এ দাবি জানানো হয়েছে।
গত ৬ এপ্রিল অত্যাবশ্যক পরিষেবা বিল–২০২৩ জাতীয় সংসদে তোলা হয়। এই বিলে বলা হয়েছে, সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
সংসদে তোলার পর ওই দিনই বিলটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয় পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য। বিলটি পাস হলে শ্রমজীবী মানুষের অধিকার খর্ব হবে উল্লেখ করে টিইউসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে শ্রমিকেরা প্রচলিত শ্রম আইন অনুযায়ী ন্যায়সংগত অধিকার আদায় করতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে মালিকেরা তাঁদের চাকরিচ্যুতিসহ নানাভাবে নিপীড়ন–নির্যাতন করে থাকেন। সেখানে এ ধরনের পদক্ষেপ মালিকদের শ্রমিক নির্যাতনের আইনি বৈধতা দেবে।
দেশের শ্রমিক–কর্মচারীরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন অনুযায়ী, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ অন্যান্য ন্যায়সংগত অধিকার, সামাজিক মর্যাদা ও সুরক্ষা থেকে বঞ্চিত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টিইউসির সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন প্রমুখ।