নাগরিক টেলিভিশনের সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে করা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্যরা। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে বিএইচআরএফের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) ভুক্তভোগীর অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিক ও নয়টি গণমাধ্যমের বিরুদ্ধে ওই মামলা করা হয়। মানববন্ধনে বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি বলেন, ‘আনোয়ার হোসেন ছাড়া আরও নয়টি গণমাধ্যমের বিরুদ্ধে মামলা হয়েছে। ১২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। এখানে আনোয়ারের অপরাধ কী?’
আনোয়ার হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে রাশেদ রাব্বি আরও বলেন, ‘রাষ্ট্রের আইন অনুযায়ী কোনো রোগী চিকিৎসা নিতে অবহেলার বা ভুল চিকিৎসার শিকার হলে বিএমডিসিতে অভিযোগ দিতে পারেন। একজন ভুক্তভোগীর বিএমডিসিতে দায়ের করা অভিযোগ আনোয়ার তুলে ধরেছেন। এখানে তাঁর বা নাগরিক টেলিভিশনের ব্যক্তিগত কোনো মতামত নেই। কিন্তু সরকারের সাহায্যপুষ্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল তাঁদের অভিযোগের বিরুদ্ধে মামলা করেছে। যে রোগী অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধেও মামলা করেছে।’
মানববন্ধনে অংশ নিয়ে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, স্বার্থান্বেষী মহল কণ্ঠরোধ করতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএইচআরএফের সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন, সহ-সভাপতি সেবিকা দেবনাথ ও ডিআরইউর দপ্তর সম্পাদক কাউসার আজম।